সোমালিয়ায় জরুরি অবস্থা জারি
সোমালিয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে।
শনিবার সে দেশের ডেপুটি স্পিকার এ খবর জানিয়ে বলেছেন, জরুরি অবস্থা তিন মাস বলবৎ থাকবে।
ইসলামি কোর্ট কাউন্সিল বাহিনীর সঙ্গে যুদ্ধের পর সে দেশে সৃষ্ট অস্থির পরিস্থিতি থেকে উত্তরণের লক্ষ্যেই জরুরি অবস্থা ঘোষণা করা হয় বলে এক সরকারি কর্মকর্তা জানান।
ডেপুটি স্পিকার ওসমান বকর পার্লামেন্টকে বলেন, “দেশে চলমান অস্থিতিশীল পরিস্থিতিতে প্রেসিডেন্ট আবদুল্লাহ ইউসুফ জরুরি অবস্থা জারির সিদ্ধান্ত নিয়ে তা অনুমোদনের জন্য পার্লামেন্টে পাঠান। সেখানে সর্বসম্মতভাবে ওই সিদ্ধান্ত অনুমোদিত হয়।”
