'বুশ নিজেই ইরানিদের ওপর হামলার নির্দেশ দিয়েছিলেন'
ইরাকে বসবাসকারী ইরানি কর্মকর্তাদের বিরুদ্ধে মার্কিন সেনাবাহিনীর সাম্প্রতিক অভিযান প্রেসিডেন্ট বুশের নির্দেশেই পরিচালিত হয়েছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী কন্ডোলিৎসা রাইসের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস একথা জানায়।
মধ্যপ্রাচ্য সফর শুরুর প্রাক্কালে শুক্রবার ওয়াশিংটনে এক সাক্ষাতকারে রাইস এ কথা বলেন।
রাইস বলেন,“ইরাকে বসবাসকারী ইরানিদের কার্যক্রম বৃদ্ধির বিষয়টি দীর্ঘদিনধরে আমরা পর্যবেক্ষণ করছিলাম এবং সে রিপোর্টের ভিত্তিতেই এ হামলা চালানোর জন্য কয়েকমাস আগে একটি আদেশ দেন প্রেসিডেন্ট বুশ ।”
উল্লেখ্য গত সপ্তাহে ইরাকের আরবাইল শহরের একটি অফিসে হামলা চালিয়ে মার্কিন সেনাবাহিনী ৫ ইরানি কর্মকর্তাকে আটক করে। ওই কর্মকর্তাদের মুক্তি দাবি করে ইরান বলেছে কূটনৈতিক পদমর্যদার না হলেও তারা একটি লিয়াঁজো অফিসে কর্মরত। অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে তারা ‘অবৈধ বা সন্ত্রাসী’ কোন কর্মকান্ডে জড়িত কিনা তা খতিয়ে দেখছেন তারা।
কিছুদিন আগে প্রেসিডেন্ট বুশ মন্তব্য করেন যে, ইরাকের ব্যাপারে ইরান ও সিরিয়ার কর্মকান্ডে বাধা দেবে যুক্তরাষ্ট্র এবং জঙ্গিদের অস্ত্র সরবরাহ ও ইরাকে অবস্থানকারী মার্কিন শত্র“দের প্রশিক্ষণ প্রদানের নেটওয়ার্ক বন্ধ করে দেওয়া হবে।
প্রসঙ্গত দীর্ঘদিন ধরে বুশ প্রশাসন অস্ত্র সরবরাহ এবং শিয়াদের প্রশিক্ষণ দেয়াসহ ইরাকের বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার ব্যাপারে ইরানের বিরুদ্ধে অভিযোগ করে আসছে। পাশাপাশি দেশটির সেনাবাহিনীর দাবি মার্কিন সেনাদের হত্যার জন্য রাস্তার ধারে পুঁতে রাখা বোমাগুলো ইরানেই তৈরী করা হয়।
