২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সোমালিয়ায় শান্তিরক্ষী মোতায়েনে যুক্তরাষ্ট্রের আহ্বান

সোমালিয়ায় অতি সত্ত্বর আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী মোতায়েনের আহ্বান জানিয়েছে যুক্তরাষ্ট্র।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 04:12 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

কেনিয়ায় মার্কিন রাষ্ট্রদূত মাইকেল রেনবার্গার শুক্রবার স্থানীয় একটি পত্রিকাকে বলেন, “সোমালিয়ায় নিরাপত্তা ব্যবস্থায় যে ঘাটতি তৈরি হয়েছে, তা পূরণে আফ্রিকান ইউনিয়নের শান্তি রক্ষী মোতায়েন জরুরি হয়ে পড়েছে। এটা যত দ্রুত করা যায়, ততই মঙ্গল।”

তিনি বলেন, “ইথিওপিয়া তাদের সৈন্য প্রত্যাহার শুরু করলে সেখানে যেন কোনো শূন্যতার সৃষ্টি না হয়, সেদিকে সবাইকে লক্ষ রাখতে হবে।”

এছাড়া দেশে স্থিতিশীলতা ফিরিয়ে আনতে আরো তৎপর হওয়ার জন্যও সেমালিয়ার প্রেসিডেন্ট আবদুল্লাহ ইউসুফের প্রতি আহ্বান জানান মার্কিন রাষ্ট্রদূত।

এদিকে আফ্রিকান ইউনিয়ন সোমালিয়ায় ৮ হাজার সেনা পাঠানোর বিষয়ে নীতিগতভাবে সম্মত হয়েছে। প্রথম দফায় সৈন্য পাঠানোর আগ্রহ প্রকাশ করেছে উগান্ডা। তবে এটা এখন পর্যন্ত স্পষ্ট নয়, এ সেনাদের ব্যয়ভার কারা বহন করবে। কিংবা কবে থেকে সৈন্য পাঠানো শুরু হবে এবং কোন কোন দেশ এ শান্তি রক্ষা মিশনে অংশ নেবে।