গাজায় হামাস-ফাতাহ বন্দুকযুদ্ধে আহত ৫
গাজায় বিবদমান হামাস ও ফাতাহ দলের মধ্যে মঙ্গলবার বন্দুক যুদ্ধে কমপক্ষে পাঁচ হামাস সদস্য আহত হয়েছে। হামাস কর্মকর্তারা এই তথ্য জানান।
আগের রাতে প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের অনুগত ফাতাহ বাহিনী হামাসের পাঁচ সদস্যকে অপহরণ করলে বন্দুক যুদ্ধের সূত্রপাত হয়। ওই পাঁচজনের চারজন হামাসের সশস্র শাখার এবং একজন তাদের “এক্সিকিউটিভ ফোর্সের” সদস্য। প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস কয়েকদিন আগে ‘এক্সিকিউটিভ ফোর্সকে’ গাজায় অবৈধ ঘোষণা করেন।
ফাতাহ বলেছে, হামলার পরিকল্পনা করছেÑএই সন্দেহে হামাসের ওই বন্দুকধারীদের আটক করা হয়। তবে কয়েক ঘণ্টার মধ্যেই তাদের ছেড়ে দেওয়া হয় এবং তারা ফিরে যাওয়ার সময় তাদের বহনকারী গাড়ির ওপর হামলা হয়। এতে অন্তত দুই হামাস সদস্য আহত হয়।
অন্যদিকে হামাস বলেছে, ওই দুইজন ছাড়াও মঙ্গলবার ‘এক্সিকিউটিভ ফোর্সের’ তিনসদস্য আহত হয়। এরা আহত হয় ফাতাহর রকেট চালিত গ্রেনেড হামলায়। ফাতাহ এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেছে, ফাতাহ ও তাদের অন্য বিরোধীদের সঙ্গে লড়াই করতে হামাস অস্ত্রের মজুদ গড়ে তুলছে।
প্রসঙ্গত, প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস গত মাসে আগাম নির্বাচনের ঘোষণা দিলে ক্ষমতসীন হামাস দলের সঙ্গে তার অনুগত দলের মাঝে মাঝেই সংঘর্ষ হচ্ছে।
