আসামে সহিংসতা অব্যাহত : তিনদিনে নিহত ৬৭
আসামে বিচ্ছিন্নতাবাদীদের নৃশংস হত্যাযজ্ঞে রবিবার আরো ১২ জন নিহত হয়েছেন। এ নিয়ে গত তিনদিনে প্রদেশটির তিনসুকিয়া, ডিব্র“গড় এবং শিবাসাগর জেলায় মোট ৬৭ জন নিহত হল। হামলার জন্য ইউনাইটেড লিবারেশন ফ্রন্ট অফ অসম (উলফা) গেরিলাদের দায়ী করেছে সরকার।
সর্বশেষ ঘটনায় রবিবার তিনসুকিয়ার একটি ইটভাটার ৯ শ্রমিকসহ কংগ্রেস দলের ২ সদস্যকে গুলি করে হত্যা করে গেরিলারা। এছাড়াও পৃথক আরেকটি সহিংসতায় নিহত হন আরো ১ দিনমজুর।
হামলার পর শনিবার থেকে উলফা গেরিলাদের ধরার জন্য ওই অঞ্চলে ‘চিরুনি অভিযান’ শুরু করেছে সেনাবাহিনী। বিভিন্ন স্থানে নিরাপত্তা ও টহল বাড়িয়েছে পুলিশ। তবে গেরিলারা পাশ্ববর্তী অরুণাচল প্রদেশের দুর্গম অঞ্চলে পালিয়ে গেছে বলে ধারণা করছেন নিরাপত্তা কর্মকর্তারা।
আসামের মুখ্যমন্ত্রী তরুণ গগোই বলেছেন, উলফার বিরুদ্ধে সর্বত্মক অভিযান শুরু করেছি আমরা। সহিংস অঞ্চলগুলোতে অভিযান চালাতে অতিরিক্ত সেনা তলব করা হয়েছে বলেও তিনি জানান।
গত বছরের সেপ্টেম্বরে দিল্লির সঙ্গে শান্তি আলোচনা ভেঙ্গে যাওয়ার পর থেকেই বিভিন্ন স্থানে হামলা শুরু করে এবং আসামের অভিবাসী ও ব্যবসায়ীদের ওই অঞ্চল ত্যাগ করার জন্য হুমকি দিতে থাকে। উলফার অভিযোগ স্থানীয় অহমিয়াদের সংখ্যালঘু করে তোলার জন্য ইচ্ছাকৃতভাবে সেখানে অভিবাসন বাড়াচ্ছে সরকার।
