২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

কম্যুনিস্ট আমলের গুপ্তচরবৃত্তি বিতর্কে পোল্যাান্ডের আর্চবিশপের পদত্যাগ

পোল্যান্ডের কম্যুনিস্ট শাসনামলে গুপ্তচরবৃত্তির অভিযোগে রবিবার পদত্যাগ করলেন আর্চবিশপ স্তানিস’ল ওয়েলগুজ। মাত্র একমাস আগে দেশটির ক্যাথলিক চার্চের সবচেয়ে মর্যাদাপূর্ণ পদ ওয়ারশ’র মেট্রোপলিটন আর্চবিশপ হিসেবে নিয়োগ পান  স্তানিস’ল। দীর্ঘ বিতর্কের পর পোপ ষোড়শ বেনেডিক্টের অনুরোধে গতকাল এক বিশেষ অনুষ্ঠানে তার পদত্যাগের ঘোষণা দেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2007, 03:24 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

তার গুপ্তচরবৃত্তি বিতর্কে সাবেক কম্যুনিস্ট দেশটির মানুষেরা দ্বিধাবিভক্ত হয়ে পড়েন এবং দেশটির শক্তিশালী ক্যাথলিক চার্চ ও ভ্যাটিকানের জন্য  অত্যন্ত বিব্রতকর পরিস্থিতির সৃষ্টি হয়। ভ্যাটিকান তার পদত্যাগ চাইলেও বহু ক্যাথলিক পোলিশ বিশেষত প্রবীণরা তার পক্ষে অবস্থান নেন এবং তাকে পদত্যাগ না করার অনুরোধ জানান। গতকাল তার পদত্যাগের সময়টিতেও প্রবল বৃষ্টি উপেক্ষা করে শত শত মানুষ ওয়ারশ’র রাস্তায় তার সমর্থনে মিছিল করে।

ওয়ার’শ ক্যাথিড্রালে গত মাসে তার অভিষেক অনুষ্ঠানের পরপরই কম্যুনিস্ট শাসনামলে গোয়েন্দা দপ্তরকে সহযোগিতা করা বিষয়ে রিপোর্ট প্রকাশ হয়। স্তানিস’ল এতোদিন তা অস্বীকার করে আসলেও শুক্রবার তা স্বীকার করেন। রবিবারের বিশেষ প্রার্থনা অনুষ্ঠানে ভ্যাটিকানের আইন অনুযায়ী পদত্যাগের কথা ঘোষণা করেন তিনি।

তার পদত্যাগপত্র গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন ভ্যাটিকানের মুখপাত্র ফাদার ফেদেরিকো লোম্বার্ডি। এ ঘটনাকে পোল্যান্ডের ক্যাথলিক চার্চের অত্যন্ত দুঃখজনক অধ্যায় বলেও মন্তব্য করেন তিনি।

পোল্যান্ডের প্রবীণ নাগরিকরা বলছেন, “আমাদের উচিৎ ওয়েলগুজের প্রতি সহানুভূতিশীল হওয়া। কারণ কম্যুনিস্ট আমলে সব কিছুকেই কলুষিত করা হয়েছিল এবং অনেকেই নিরুপায় হয়ে তাদের সহযোগিতা করতে বাধ্য হয়েছিলেন।”