নিউ ইয়র্কে রহস্যময় গন্ধে নাইন-ইলেভেন আতঙ্ক
এক রহস্যময় ঝাঁঝালো গন্ধের গ্যাসের প্রভাবে সোমবার নিউইয়র্কের ম্যানহাটনের বেশিরভাগ এলাকা ও নিউ জার্সির কিছু এলাকায় অসুস্থ হয়ে পড়ে কমপক্ষে ১৯ ব্যক্তি ।
গন্ধ ছড়িয়ে পড়লে ১১ সেপ্টেম্বর হামলার ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কায় আতঙ্কিত হয়ে পড়ে আমেরিকার সরকার ও জনগণ। দ্রুত বিভিন্ন ভবন থেকে লোকজনকে সরিয়ে নেওয়া হয়। সাময়িক সময়ের জন্য বন্ধ হয়ে যায় কমিউটার ট্রেন চলাচল। খোঁজখবর ও পরীক্ষানিরীক্ষার পর ঘোষণা করা হয় ওই গন্ধ বিপৎজনক নয়।
ঘটনার সময় পুরো শহর হালকা মেঘে ঢেকে যায়। পাশাপাশি অল্প বৃষ্টি ও বাতাস ছিল।
পেটের পীড়া এবং নিঃশ্বাস নেওয়ার সমস্যা নিয়ে অসুস্থরা হাসপাতালে ভর্তি হলেও গন্ধটিতে ভয়ের কিছু নেই বলে দমকল বাহিনীর এক মুখপাত্র জানান। অসুস্থতার মাত্রা ততটা গুরুতর নয় বলেও তিনি উল্লেখ করেছেন।
তিনি আরও জানান গ্যাসের কারন অনুসন্ধারের জন্য ৪০৯ টি অগ্নি নির্বাপক ট্রাক কাজে লাগানো হয়েছে। সাধারণ ঘটনায় তারা যতটি গাড়ি নিয়ে হাজির হন এ ঘটনায় গাড়ির সংখ্যা তার চেয়ে ছয় গুন বেশি বলেও উল্লেখ করেন তিনি।
এদিকে কনএডিসন কোম্পানির মুখপাত্র জোসেফ পেটা বলেন, “গ্যাস সরবরাহ ব্যবস্থায় আমরা কোন সমস্যা খুঁজে পাইনি। তাই এ গন্ধের কারণ এখনও রহস্যেই রয়ে গেছে।”
নিউ ইয়র্ক শহরের মেয়র মাইকেল ব্লুমবার্গ বলেন, “এটি একটি বাজে ধরণের গন্ধ কিন্তু এ মুহুর্তে এর বেশি কিছু আমরা জানিনা। তবে এটি যে কোন ভয়ংকর ঘটনা নয় সে ব্যাপারে আমরা নিশ্চিত।”
এ ঘটনার সাথে সন্ত্রাসী কোন কর্মকান্ডের যোগসূত্র নেই বলে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটির এক মুখপাত্র জানান।
ঘটনার পর নিউ ইয়র্ক-নিউ জার্সির মধ্যে ট্রেন চলাচল বন্ধ হয়ে গেলেও পরে তা স্বাভাবিক হয়ে আসে। তাৎক্ষণিকভাবে কিছু কিছু অফিস থেকে কর্মচারীদের সরিয়ে নেওয়া হলেও পরে তাদেরকে কাজে যোগ দিতে বলা হয়।
প্রসঙ্গত, ২০০৫ সালের অক্টোবরে ম্যানহাটন ও নিউ জার্সিতে মিষ্টি এক ধরনের গন্ধ ছড়িয়ে পড়ে। বেশ কয়েকটি প্রতিষ্ঠান ওই গন্ধের কারণ অনুসন্ধানে কাজ করলেও শেষ পর্যন্ত কোন কারণ খুঁজে পাওয়া যায়নি।
