‘ইরানে পরমাণু হামলা চালাতে ইসরায়েলের গোপন পরিকল্পনা’
ইরানে পরমাণু হামলা চালানোর গোপন পরিকল্পনা আছে ইসরায়েলের। ইউরেনিয়াম সমৃদ্ধকরন ক্ষেত্র ধ্বংস করতে ইরানের নাতাঞ্জ, আরাক এবং ইস্পাহানের স্থাপনাগুলোয় ‘পরমাণু হামলা’ চালাতে পারে ইসরায়েল। ব্রিটেনের সানডে টাইমস পত্রিকা একথা জানিয়েছে।
ইসরায়েলের বিভিন্ন সামরিক সূত্রের বরাত দিয়ে সানডে টাইমস আরো জানিয়েছে স্বল্প মাত্রার পারমাণবিক অস্ত্র ‘বাঙ্কার বাস্টার’ দিয়ে ইরানের নাতাঞ্জে অবস্থিত একটি পরমাণু স্থাপনা উড়িয়ে দেওয়ার জন্য ইসরায়েলের বিমানবাহিনীর দুটি স্কোয়াড্রনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এছাড়া আরাকে অবস্থিত হেভি ওয়াটার প্ল্যান্ট এবং ইস্পাহানে অবস্থিত ইউরেনিয়াম প্ল্যান্টও তাদের লক্ষ্যবস্তু হতে পারে বলে পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়েছে।
সামরিক সূত্রের বরাত দিয়ে আরো বলা হয় যে, কোন ধরনের আঘাত আসলে এবং জাতিসংঘ এ ব্যাপারে হস্তক্ষেপ না করলেই কেবল পারমাণবিক অস্ত্র দিয়ে আক্রমণ করা হবে। ইউরেনিয়াম সমৃদ্ধকরন বন্ধে তেহরানের উপর চাপ প্রয়োগ করাই গোপন এ পরিকল্পনা প্রকাশ করার উদ্দেশ্য হতে পারে বলে মন্তব্য করেছে পত্রিকাটি।
মধ্যপ্রাচ্যের একমাত্র পারমাণু-অস্ত্র সমৃদ্ধ দেশ ইসরায়েল বরাবরই বলে আসছে যে, তারা ইরানকে পারমাণবিক অস্ত্রে সমৃদ্ধ হতে দেবেনা।
প্রসঙ্গত ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধকরন বন্ধে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ গত মাসে সর্বসম্মতিক্রমে নিষেধাজ্ঞা আরোপ করে দেশটির ওপর। ইরান বোমা তৈরী করতে পারে-পশ্চিমা দেশগুলোর এমন আশঙ্কার পরিপ্রেক্ষিতে এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। তবে তেহরান সবসময় বলে আসছে তাদের পরমাণু কর্মসূচি শান্তিপূর্ণ এবং তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরনের কাজ অব্যাহত রাখবে।
