ব্রাজিলে বৃষ্টি ও ভূমিধ্বসে নিহত ২৪
ব্রাজিলের দক্ষিণপূর্বাঞ্চলে প্রবল বৃষ্টি ও ভূমিধ্বসে কমপক্ষে ২৪ জন নিহত এবং ৮ হাজার ৩০০ এরও বেশি ব্যক্তি গৃহহীন হয়ে পড়েছেন।
গত কয়েকদিনে অতিরিক্ত বৃষ্টির কারনে সৃষ্ট ভূমিধ্বসে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে বলে শুক্রবার জানিয়েছে দেশটির বেসামরিক প্রতিরক্ষা বিভাগ ।
নিহতদের অধিকাংশই রিও ডি জেনিরো রাজ্যের অধিবাসী। সেখানে পাহাড়ের চারপাশে অবৈধভাবে গড়ে ওঠা ছোট ছোট ঘরবাড়ি বৃষ্টির কারনে নষ্ট হয়ে যাওয়ায় এ ঘটনা ঘটেছে।
প্রতিরক্ষা বিভাগের কর্পোরাল লিওনার্দো ফ্রাঙ্কো বলেন,“নিহতের সংখ্যা আরো বাড়তে পারে। এখন পর্যন্ত আমরা সতর্ক আছি এবং নিখোঁজ ব্যক্তিদের উদ্ধারে কাজ করে যাচ্ছি।”
এদিকে ন্যাশনাল স্পেস রিচার্স ক্লাইমেট স্টাডিজ সেন্টারের মার্কোস সানচেজ জানান রিও ডি জেনিরো কাছে অবস্থিত মান্টিকুয়েরা পাহাড়ে জানুয়ারি মাসের প্রথম পাঁচ দিনেই যে বৃষ্টিপাত হয়েছে তা মাসিক গড় বৃষ্টিপাতের অর্ধেকের সমান।
এদিকে এ দুর্যোগপূর্ণ আবহাওয়া চলতে থাকলে ফেব্র“য়ারি মাসে অনুষ্ঠেয় রিও ডি জেনিরোর বিখ্যাত বার্ষিক ‘কার্নিভালে’ দেশ বিদেশের পর্যটকদের সমাগম বাধাগ্রস্থ হতে পারে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
প্রসঙ্গত ভূমিধ্বসে ২০০১ সালের ডিসেম্বর মাসে এ রাজ্যে ৫২ জন এবং ২০০৩ সালের জানুয়ারিতে পেট্রোপোলিসে ১৬ ব্যক্তি মারা যান। এছাড়াও ২০০৬ সালের অক্টোবর থেকে এ পর্যন্ত অতিরিক্ত বৃষ্টিতে ব্রাজিলের খনি ও কৃষিপ্রধান এলাকা মিনাস গেরাইসে কমপক্ষে ১৭ ব্যক্তি এবং ব্রাজিলের প্রধান শিল্পনগরী সাও পাওলোতে কমপক্ষে দুই ব্যক্তি মারা গেছেন।
