২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

যুক্তরাষ্ট্রের উপ পররাষ্ট্রমন্ত্রী পদে নেগ্রেপন্টেকে মনোনয়ন

প্রশাসনে আবারো দুটি রদবদল আনতে যাচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ বুশ। জাতীয় গোয়েন্দা সংস্থার পরিচালক জন নেগ্রোপন্টেকে উপ-পররাষ্ট্রমন্ত্রী পদে এবং ওই পদে সাবেক নৌ কর্মকর্তা অ্যাডমিরাল মাইক ম্যাককানেলের নাম প্রস্তাব করেছেন তিনি।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 10:11 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

তবে এই মনোনয়ন ডেমক্রেট নিয়ন্ত্রিত সিনেটে পাশ হয়ে আসতে হবে।

শুক্রবার হোয়াইট হাউজে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ঘোষণার সময় সংক্ষিপ্ত ভাষণে প্রেসিডেন্ট বুশ বলেন, “অভিজ্ঞতা, প্রাজ্ঞতা ও ইরাকসহ সারাবিশ্বে সন্ত্রাসবিরোধী যুদ্ধে অবদানের জন্য জন নেগ্রোপন্টেকে উপ পররাষ্ট্রমন্ত্রী পদে যথার্থ লোক বলেই আমার মনে হয়েছে। আর অভিজ্ঞতা ও বুদ্ধিমত্তার গুণে অ্যাডমিরাল ম্যাককানেলও ছিলেন অনেক সাফল্যের রূপকার। ”

অবসরপ্রাপ্ত এডমিরাল ম্যাককানেল ১৯৯২ থেকে ’৯৬ পর্যন্ত জাতীয় নিরাপত্তা সংস্থার পরিচালকের দায়িত্ব পালন করেন।

নতুন ইরাক কৌশল ঘোষণার আগে আরো কয়েকটি পদেও পরিবর্তন আনতে চলেছেন জর্জ বুশ। শুক্রবারই এ ঘোষণা আসতে পারে বলে কর্মকর্তারা বলছেন।

ইরাক ও আফগানিস্তানে মার্কিন অভিযান পরিচালনাকারী মার্কিন সেন্ট্রাল কমান্ডের প্রধানের দায়িত্বে মনোনয়নের জন্য অ্যাডমিরাল উইলিয়াম ফ্যালন ও ইরাকে স্থল বাহিনীর প্রধান হিসেবে লেফটেন্যান্ট জেনারেল ডেভিড পেট্রেসিওর নাম চূড়ান্ত হয়েছে বলে সূত্রে জানা যায়।

এছাড়া ইরাকে মার্কিন রাষ্ট্রদূত জালমে খলিলজাদকে পাঠানো হচ্ছে জাতিসংঘে রাষ্ট্রদূত হিসেবে। আর তার পদে নিয়োগে মনোনয়ন দেওয়া হচ্ছে রায়ান ক্রোকারকে। তিনি বর্তমানে ইসলামাবাদে মার্কিন রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করছেন।