বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৭ জন নির্বাচিত হলেন
খালেদা জিয়া, তারেক রহমান, সাইফুর রহমান, মতিউর রহমান নিজামীসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৭ প্রার্থী বুধবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।
কমিশনের কর্মকর্তারা জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ১৭টি এলাকার রিটার্নিং কর্মকর্তা নির্বাচিত ১৭ জনের নাম তাদের টেলিফোনে জানিয়েছেন।
আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট বুধবার তাদের প্রার্থিতা প্রত্যাহার করে নেওয়ায় ওই ক’জনের বিপরীতে আর কোনো প্রতিদ্বন্দ্বী ছিলেন না।
নির্বাচিতরা হচ্ছেন, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া (বগুড়া -- ৬), দলের সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান (বগুড়া -- ৭), সাবেক অর্থমন্ত্রী এম. সাইফুর রহমান (সিলেট -- ১), সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর (নেত্রকোনা -- ৪), সাবেক শিল্পমন্ত্রী ও জামায়াতে ইসলামীর আমীর মওলানা মতিউর রহমান নিজামী (পাবনা -- ১), সাবেক প্রতিমন্ত্রী আমন উল্লাহ আমান (ঢাকা -- ৩), বিএনপি নেতা এমরান সালেহ প্রিন্স (ময়মনসিংহ -- ১), আব্দুল ওয়াদুদ ভূঁইয়া (খাগড়াছড়ি), এমএম শাহীন (মৌলভীবাজার -- ২), শরিফুল ইসলাম (কিশোরগঞ্জ -- ৭), নজির হোসেন (সুনামগঞ্জ --১) রশিদুল জামান মিল্লাত (জামালপুর -- ১), ব্যারিস্টার শাজাহান ওমর (ঝালকাঠি -- ১), আখতার হামিদ (নওগাঁ -- ৩), সুজাত মিয়া (হবিগঞ্জ -- ১), জামায়াত নেতা মওলানা আজিজুর রহমান চৌধুরী (দিনাজপুর -- ৬) ও ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মাদ তাহের (কুমিল্লা -- ১২)।
এর আগে বৃহস্পতিবার দুপুরে নির্বাচন কমিশন সচিব আব্দুর রশীদ সরকার সাংবাদিকদের জানান, রিটার্নিং কর্মকর্তারা সংশ্লিষ্ট নির্বাচনী এলাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত প্রার্থীদের নাম ঘোষণা করবেন। এ সব প্রার্থীর নাম এখনও রিটার্নিং কর্মকর্তারা নির্বাচন কমিশনকে জানায়নি।
তিনি আরও জানান, নির্বাচনের ফলাফল ঘোষণা করে গেজেট বিজ্ঞপ্তি প্রকাশ করার সময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতদের নামও সেখানে দেওয়া হবে।
