২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আমোরিকার সাফাই: সাদ্দামের ফাঁসির সময়ের ঘটনার দায়িত্ব আমাদের নয়

সাদ্দাম হোসেনকে ফাঁসি দেওয়ার সময় নিরাপত্তা ব্যবস্থার সব দায়দায়িত্ব ইরাকি কর্র্তৃপক্ষের হাতে তুলে দিয়েছিল মার্কিন বাহিনী। ফাঁসির দৃশ্য যারা প্রত্যক্ষ করবেন তাদের কাছে ফোবাইল ফোন আছে কিনা তাও তল্লাশি করার দায়িত্ব ছিল ইরাকিদের। একজন মার্কিন জেনারেল বুধবার বাগদাদে সংবাদ সম্মেলনে এ দাবি করেছেন।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 07:33 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

ফাঁসির সময়ে বিভিন্ন স্লোগান দিয়ে সাদ্দামকে অপমান করার ন্যক্কারজনক ঘটনা প্রসঙ্গে প্রশ্ন করা হলে মার্কিন সেনা মুখপাত্র মেজর জেনারেল উইলিয়াম কাল্ডঅয়েল বলেন, “ সেখানে কী কী ঘটবে সে ব্যাপারে আমরা কোন সিদ্ধান্ত নেইনি। দায়িত্বে আমরা থাকলে ভিন্নভাবে কাজটি সমাধা করতাম।”

তিনি জানান, মার্কিন বাহিনী আকাশপথে সাদ্দামকে ফাঁসি কার্যকরের স্থানে পৌঁছে দিয়ে চলে আসে। যে স্থানে ফাঁসি কার্যকর করা হয়েছে সেখানে কোন দায়িত্বে ছিল না মার্কিন বাহিনী।

তিনি আরো বলেন, প্রত্যক্ষদর্শীদের মোবাইল ফোন তল্লাশি করার দায়িত্বও ছিল না আমেরিকান সেনাদের।    

প্রসঙ্গত, সাদ্দামের ফাঁসি কার্যকর করার পর ইরাক সরকারের প্রকাশিত ভিডিও ছাড়াও আরো একটি ভিডিও দুনিয়াজুড়ে প্রচারমাধ্যমে প্রচারিত হতে থাকে। সম্ভবত মোবাইল ফোনে ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ফাঁসির আগমুহূর্তে শিয়ারা বিভিন্ন স্লোগান দিয়ে সাদ্দামকে অপমান করছেন। এই ভিডিও দেখে সুন্নি আরবদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়েছে। উদ্বেগ দেখা দিয়েছে মধ্যপন্থি শিয়া ও কুর্দিদের মধ্যেও।