‘মালিকিই তড়িঘড়ি সাদ্দামের ফাঁসি কার্যকর করেছন’
“ইরাকি প্রধানমন্ত্রী নুরি আল-মালিকিই তড়িঘড়ি সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকর করেছেন। কারণ তিনি আশঙ্কা করছিলেন, দেরি করা হলে যে কোন উপায়ে ফাঁসির দড়ি এড়িয়ে মুক্ত হয়ে যেতে পারেন সাদ্দাম হোসেন।” উচ্চপদস্থ এক মার্কিন কর্মকর্তা বুধবার বাগদাদে একথা বলেন।
নিউ ইয়র্ক টাইমসকে ওই কর্মকর্তা বলেন, “নিরাপত্তার বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন মালিকি। অনেম মানুষকে অপহরণ করে তার মুক্তি দাবি করা হতে পারে বলে তিনি আশঙ্কা করছিলেন। তার ভয় ছিল দেরি হলে কোন না কোনভাবে মুক্ত হয়ে যেতে পারেন সাদ্দাম”।
ইরাকের মার্কিন দূতাবাস এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি হয়নি।
এদিকে, সাদ্দামের ফাঁসি কার্যকরের সময়ে ঘটনাস্থলে উপস্থিত লোকজনের শিয়া নেতা মুকতাদা আল-সদরের নামে শ্লোগান দেওয়া এবং সাদ্দামকে ধিক্কার দেওয়ার ঘটনায় ক্ষুব্ধ সুন্নিদের বিক্ষোভের মুখে ঘটনাটির তদন্ত শুরু করেছে সরকার। কিভাবে ফাঁসি কার্যকরের ভিডিওচিত্র ধারণ এবং প্রচার করা হল তা খতিয়ে দেখছে সরকার।
এ বিষয়ে ইরাকি আদালতের কর্মকর্তা মুনকিথ আল-ফারুন বলেছেন, ঘটনার সময়ে এ হট্টগোলের কারণে এক পর্যায়ে ফাঁসি কার্যকরকে বাধাগ্রস্থ করতে ওই কক্ষ থেকে বের হয়ে যাওয়ার হুমকিও দিয়েছিলেন তিনি। আইন অনুযায়ী আদালতের একজন পর্যবেক্ষকের ঘটনাস্থলে উপস্থিত থাকার বাধ্যবাধকতা থাকায় তিনি বেরিয়ে গেলে ফাঁসি কার্যকর বন্ধ হয়ে যেতে পারতো।
ঘটনাস্থলে হট্টগোল সৃষ্টিকারী লোকজনরা সাধারণ প্রহরী বলে সরকার যে দাবি করছে তা নাকচ করে দিয়ে আল-ফারুন বলেছেন, তারা সবাই উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা।
সাদ্দামের সঙ্গেই মৃত্যুদন্ডের শাস্তিপ্রাপ্ত তার সৎভাই বারজান আল-তিকরিতি এবং আওয়াদ আল বান্দেরের ফাঁসি কবে কার্যকর করা হবে তা এখনও নিশ্চিত করেনি ইরাকি সরকার। তবে ঈদুল আজহার ছুটির পর আগামী সপ্তাহে তা কার্যকর করা হতে পারে বলে জানিয়েছেন মালিকির সহায়ক কর্মকর্তা সামি আল-আকসারি।
