২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মৃত্যুদণ্ড রদের জাতিসংঘ দাবি থেকে দূরে নতুন মহাসচিব

মৃত্যুদণ্ড রদ করার জন্য জাতিসংঘ বরাবরই যে দাবি জানিয়ে আসছিল, বিশ্বসংস্থার নতুন মহাসচিব বান গি মুন তা থেকে নিজেকে দূরে সরিয়ে রেখে মঙ্গলবার দায়িত্বের প্রথম দিনটি পার করেছেন। তিনি বরং মন্তব্য করেন, প্রতিটি দেশ এ ব্যাপারে নিজস্ব সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 04:40 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

কোফি আনানের উত্তরসূরি, দক্ষিণ কোরিয়ার সাবেক পররাষ্ট্রমন্ত্রী বানকে এদিন নিউ ইয়র্কে সংস্থার সদরদপ্তরে গার্ড অব অনার প্রদান করা হয়। এরপর তিনি জাতিসংঘের একটি  চ্যাপেলে গিয়ে বিশ্বের বিভিন্ন দেশে শান্তিরক্ষায় দায়িত্বপালনকালে নিহত শান্তিরক্ষী বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। জাতিসংঘের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ছাড়াও সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি।

সাদ্দাম হোসেনের ফাঁসি কার্যকরের ব্যাপারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “সাদ্দাম হোসেন ইরাকি জনগণের বিরুদ্ধে জঘণ্য অপরাধ ও বর্ণনাতীত নির্যাতন চালিয়েছেন। যারা অপরাধ ও নির্যাতনের শিকার হয়েছিলেন তাদেরকে ভুলে যাওয়া উচিত হবে না।” তিনি এও বলেন “চরম শাস্তি প্রদানের বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে প্রতিটি সদস্য রাষ্ট্রের।” তিনি যোগ করেন, আন্তর্জাতিক আইনের সঙ্গে তা সংগতিপূর্ণ হতে হবে। 

প্রসঙ্গত, বান গির দেশ দক্ষিণ কোরিয়াসহ  বিশ্বের  ৬৮টি দেশে মৃত্যুদণ্ড চালু রয়েছে। তবে সিওল তা রদ করার কথা বিবেচনার করছে।

হিউম্যান রাইটস ওয়াচসহ বিভিন্ন মানবাধিকার সংস্থা সাদ্দামকে ফাঁসি দেওয়ার তীব্র সমালোচনা করে বলছে  ‘চরম ত্র“টিপূর্ণ বিচারের মাধ্যমে’ তাকে ফাঁসি দেওয়া হয়েছে। কোফি আনানসহ মানবাধিকার বিষয়ক জাতিসংঘের শীর্ষ কর্মকর্তারা এবং ইউরোপীয় ইউনিয়ন মৃত্যুদণ্ডের বিরুদ্ধে।