২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রিবেণী সঙ্গমে অর্ধ কুম্ভ মেলায় পুণ্যস্নান শুরু

ভারতের উত্তরপ্রদেশের এলাহাবাদে ছয় সপ্তাহব্যাপী অর্ধ কুম্ভ মেলা শুরু হয়েছে বুধবার। পুণ্যস্নানের জন্য সমবেত কয়েক লাখ নারীপুরুষ শিশুসহ হিন্দু সাধু পুরোহিতরা ভোর হওয়ার আগে থেকেই সূর্য ওঠার অপেক্ষায় গঙ্গার তীরে অপেক্ষমান ছিলেন। সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে মন্ত্রপাঠ ও প্রার্থনা সঙ্গীতের মধ্য দিয়ে শুরু হয় পুণ্যস্নান।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 04:16 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

অর্ধ কুম্ভ মেলা উপলক্ষে এ পুণ্যস্নান অনুষ্ঠিত হচ্ছে। পূণ্যার্থীদের বিশ্বাস গঙ্গা, যমুনা ও পৌরাণিক নদী সরস্বতীর মিলনস্থলে পূণ্যøানের মাধ্যমে মানুষের পাপ স্খালন হবে। আয়োজকদের ধারণা ৪২ দিন ধরে চলা উৎসবে দেশবিদেশের প্রায় ৭০ লাখ পুণ্যার্থী যোগ দেবেন। সাতটি বিশেষ দিনে মেলায় বেশি লোক সমাগম হবে বলেও তারা জানান।

হিন্দু পুরাণ অনুসারে এলাহাবাদ শহরে গঙ্গা, যমুনা এবং ভূগর্ভস্থ সরস্বতী নদীর মিলন হয়েছে। বিশ্বজগত সৃষ্টির আদিলগ্নে অমৃতের হাড়ির (কুম্ভ) মালিকানা নিয়ে আকাশে দেবতা ও অসুরের মধ্যে ঘোরতর যুদ্ধ হয়েছিল। এই যুদ্ধ চলে ১২ দিন, পৃথিবীর সময় অনুসারে যা ১২ বছেরের সমান।

যুদ্ধর সময় এলাহাবাদের প্রয়াগ, হরিদ্বার, নাকিশ ও উজ্জয়নী এলাকায় কয়েক ফোঁটা অমৃত পড়েছিল। এই পুরাণ অনুসারে ১২ বছর পর পর হিন্দু ধর্মাবলম্বীরা পালন করে মহা কুম্ভ মেলা। এছাড়া তিন বছর পর পর পর্যায়ক্রমে প্রয়াগ, হরিদ্বার, নাকিশ ও উজ্জয়নীতে অনুষ্ঠিত হয় অর্ধ কুম্ভ উৎসব।

অর্ধ কুম্ভ মেলায় আগতদের জন্য কয়েক হাজার অস্থায়ী তাঁবু ও শৌচাগার নির্মাণ করা হয়েছে। সুষ্ঠভাবে মেলা অনুষ্ঠান ও আইনশৃঙ্খলা রক্ষার জন্য বেসরকারি স্বেচ্ছাসেবকদের পাশাপাশি নিয়োগ করা হয়েছে প্রায় ১০,০০০ পুলিশ। এছাড়াও নাশকতামূলক ঘটনা প্রতিরোধে রয়েছে বিশেষবাবে প্রশিক্ষিত ‘সন্ত্রাসবিরোধী-বিশেষ দল’।

১৯৮৯ সালের মহা কুম্ভ মেলায় ১ কোটি ৫০ লাখ মানুষের সমাগমের মধ্য দিয়ে বিশ্বের বৃহত্তম সমাবেশের স্বীকৃতি পায় এ মেলা। একটি উদ্দেশ্যকে কেন্দ্র করে সর্বোচ্চ সংখ্যাক লোক সমাগমের জন্য গিনিস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসে কুম্ভ মেলার নাম অন্তর্ভুক্ত হয়েছে।