২০০৬ সালে নিহত হয়েছেন ১২ হাজার ইরাকি
২০০৬ সালে সহিংস ঘটনায় ইরাকে ১২ হাজার ৩২০ বেসামরিক লোক নিহত হয়েছেন। এর অর্ধেক নিহত হন শেষ চার মাসে। আর ডিসেম্বরে নিহতের সংখ্যা আগের সব রেকর্ড ছাড়িয়েছে।
ইরাকের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে ফুটে উঠেছে এ চিত্র। এতে দেখা যায়, ডিসেম্বরে নিহতের সংখ্যা ছিল ১৯৩০।
তবে জাতিসংঘের পরিসংখ্যানের সঙ্গে মন্ত্রণালয়ের পরিসংখ্যানের কিছু অসঙ্গতি লক্ষ করা যায়। ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল মর্গ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে জাতিসংঘের সর্বশেষ পরিসংখ্যানে বলা হয়, অক্টোবরে ৩৭০০ বেসামরিক ইরাকি নিহত হন। আর প্রতিদিন গড়ে সেখানে নিহত হচ্ছেন ১২০ জন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী অক্টোবরে নিহতের সংখ্যা ১২৯৮। আর নভেম্বরে এ সংখ্যা ছিল ১৮৫০। এছাড়া ডিসেম্বরে ১২৫ জন পুলিশ ও ২৫ জন ইরাকি সেনাও নিহত হন।
মার্কিন বাহিনী জানিয়েছে, ডিসেম্বরে ইরাকে তাদের ১১২ সেনা নিহত হন।
এদিকে পুলিশ ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা রয়টার্সের সাংবাদিককে জানান, অক্টোবর, নভেম্বর ও ডিসেম্বরে বেসামরিক লোক নিহতের সংখ্যা যথাক্রমে ১১৭৮, ১৭০৬ ও ১৫৭১।
