ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় ৯০ নিহত, ১২ যাত্রী জীবিত উদ্ধার
ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপে ভারী বৃষ্টিপাতের ফলে বিমান বিধ্বস্ত হয়ে ৯০ জন নিহত হয়েছে। রাতভর তল্লাশি অভিযান চালিয়ে বিমানটির ধ্বংসাবশেষ থেকে ১২ জন যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিহতদের মধ্যে যুক্তরাষ্ট্রের তিনজন নাগরিকও রয়েছেন। মাত্র দুদিন আগেই চারশরও বেশি যাত্রী নিয়ে জাহাজডুবির ঘটনা ঘটেছে দেশটিতে।
শতাধিক আরোহী নিয়ে অ্যাডাম এয়ার কোম্পানির একটি বিমান জাভা দ্বীপের সুরাবায়া থেকে সুলাওয়েসির মানাদো যাওয়ার পথে নিখোঁজ হয়ে যায়। সোমবার সুরাবায়া ছাড়ার এক ঘণ্টা পর বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বিধ্বস্ত হওয়ার জন্য প্রাথমিকভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়াকেই দায়ী করা হচ্ছে। দুর্ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা চলছে।
মাকাসার বিমান ঘাঁটির কমান্ডার এয়ার মার্শাল এডি সুইয়ান্তো বলেন, “পোলওয়ালি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে পোলেওয়ালি পার্বত্য এলাকায় বোয়িং ৭৩৭-- ৪০০ বিমানটি বিধ্বস্ত হয়। এলাকাটি চিহ্নিত করা গেছে।”
স্থানীয় লোকজন সর্বপ্রথম দুর্ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে বলে কর্মকর্তারা জানিয়েছেন।
অ্যাডাম এয়ারের মুখপাত্র হার্তোনো জানান, দুর্ঘটনা কবলিত বিমানটির ১০২ জন যাত্রীর মধ্যে মাত্র ১২ জন বেঁচে রয়েছেন। তাদের মাকাসার নিয়ে আসা হচ্ছে। তবে মাকাসারে বিমান কর্তৃপক্ষের কাউকে মন্তব্যের জন্য পাওয়া যায়নি। এদিকে মাকাসার বিমানবন্দরে উদ্বিগ্ন আত্মীয়দের মধ্যে লেলি জাসমেন জানান, তিনি তার নিখোঁজ আত্মীয়দের কোন খোঁজই পাচ্ছেন না।
বিমানের যাত্রীদের নামের তালিকায় তিনজন বিদেশীর নাম দেখা গেছে। তারা যুক্তরাষ্ট্রের নাগরিক বলে পরিচয় পাওয়া গেছে।
ইন্দোনেশিয়ার জাতীয় পরিবহন নিরাপত্তা কমিটির প্রধান সেতিও রাহার্দজো বার্তা সংস্থা রয়টার্সকে জানান, বিমানটির কালো বাক্সটি উদ্ধারের জন্য বিশেষজ্ঞদের দুর্ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তিনি বলেন, আমরা এখনও দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখছি। এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।
ইন্দোনেশিয়ার একটি জাহাজ চারশরও বেশি যাত্রী নিয়ে ডুবে যাওয়ার ঠিক দুদিন পরেই বিমান দুর্ঘটনাটি ঘটলো।
অ্যাডাম এয়ার বিমান সংস্থাটি ২০০২ সালে প্রতিষ্ঠা লাভ করে এবং ২০০৩ সালের ডিসেম্বরে তাদের চলাচল শুরু হয়। সংস্থাটির চেয়ারম্যান ইন্দোনেশিয়ার প্রতিনিধি পরিষদের স্পিকার আগাং লাকসোনো। পরিবহন মন্ত্রণালয় জানায়, ২০০৫ সালের ডিসেম্বরে বিানটি সর্বশেষ মেরামত করা হয়েছিল।
এর আগে গতবছর ফেব্র“য়ারিতে একই কোম্পানির আরেকটি বিমান যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ার পর জরুরিভাবে অবতরণ করতে বাধ্য হয়েছিল।
