ঘন কুয়াশায় দিল্লিতে দেড় শ’ ফ্লাইট বাতিল
ঘন কুয়াশায় প্রায় অচল হয়ে পড়েছে ভারতের রাজধানী নয়া দিল্লির পরিবহন ব্যবস্থা। মঙ্গলবার প্রায় দেড় শ’ ফ্লাইট বাতিল করা হয়। এছাড়া কয়েক ডজন ট্রেনও স্টেশন ছেড়ে যায়নি।
দিল্লি এয়ারপোর্টের এক মুখপাত্র জানান, কুয়াশার কারণে মঙ্গলবার সকাল ১০টা পর্যন্ত অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক মিলিয়ে মোট ৮৮টি ফ্লাইট বাতিল এবং ৫০টি ফ্লাইটের যাত্রা বিলম্বিত করা হয়।
বিমান কর্মকর্তারা বলছেন, খারাপ আবহাওয়ার কারণে উড্ডয়নের ঝুঁকি নেওয়া যাচ্ছে না। বিমানবন্দরগুলোতে যাত্রীদের ভিড় ক্রমেই বাড়ছে। সময় মতো যাত্রা করতে না পেরে অনেকেই হতাশা প্রকাশ করেছেন।
রেলওয়ের এক মুখপাত্র কমপক্ষে দুই ডজন ট্রেনের যাত্রা বিলম্বিত করার খবর জানান।
ভারতের উত্তরাঞ্চলে ঘন কুয়াশার পাশাপাশি তীব্র শীতও পড়ছে। তাপমাত্রা চার ডিগ্রি সেন্টিগ্রেডের আশে পাশেই থাকছে। কর্মকর্তারা জানিয়েছেন, শীতে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে।
