২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষের উৎসবে ফ্রান্স ও ফিলিপাইনে ব্যাপক হাঙ্গামা

ইরেজি নববর্ষ বরণ উৎসবে ফ্রান্সে উচ্ছৃঙ্খল জনতা প্রায় চারশ’ গাড়ি পুড়িয়ে দিয়েছে।

রয়টার্স

>>

রয়টার্স

Published : 01 Jan 2007, 07:35 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

পুলিশ আটক করেছে আড়াইশ’রও বেশি মানুষকে। অন্যদিকে, ফিলিপাইনে আতশবাজি পোড়ানো ও গুলিবর্ষণের ঘটনায় আহত হয়েছে ৬২৪ জন। যুক্তরাজ্যে ঝড়ো হওয়া ও বৃষ্টির কারণে বাতিল করা হয় অনেক পার্টি।

ফরাসি পুলিশের এক মুখোপাত্র জানান, নববর্ষের রাতে আইন শৃঙাখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে দেশজুড়ে প্রায় ২৫ হাজার পুলিশ মোতায়েন করা হয়। কর্তৃপক্ষ দাহ্যপদার্থ বহন নিষিদ্ধ করে।

এরপরও দেশটির বিভিন্ন অঞ্চলে প্রায় চারশ গাড়ি পোড়ানো হয়েছে। এসব ঘটনায় জড়িতে থাকার অভিযোগে পুলিশ পাঁচ শিশুসহ আড়াইশ’র বেশি মানুষকে আটক করে। তবে পুলিশের দাবি, গতবছরের চেয়ে এবার ফ্রান্সে উচ্ছৃঙ্খলতার পরিমাণ ছিল কম।  

ফিলিপাইনে অবশ্য এবার থার্টি ফার্স্ট নাইটে সহিংসতার ঘটনা আগের সব রেকর্ড ছাড়িয়ে গেছে। দেশটির স্বাস্থ্য সচিব ফ্রান্সিসকো দুকে জানান, গতবছরের তুলনায় এবারের নববর্ষ বরণ উৎসবে আহতের সংখ্যা ৩৯ শতাংশ বেশি।

এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমার মনে হয় পুড়িয়ে ফেলার মতো অনেক অর্থ এখন মানুষের কাছে আছে।”

ফিলিপাইনে ক্রিসমাস ও ইংরেজি নববর্ষ উপলক্ষে ২১ ডিসেম্বর থেকে শুরু হওয়া উৎসবে এ পর্যন্ত ৯০৭ জন আহতে হয়েছে। এছাড়া, ক্রিসমাসের দিন ওরমক শহরে আতশবাজির কারণে একটি ডিপার্টমেন্টাল স্টোরে আগুন লেগে নিহত হয় ২৫ জন।

এদিকে, যুক্তরাজ্যে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে অনেক জায়গায় থার্টি ফার্স্ট নাইটের পার্টি বাতিল করা হয়।

এডিনবার্গে রাস্তায় নববর্ষ বরণ উৎসব বাতিল করে দেয় কর্তৃপক্ষ। একলাখ লোকের এ উৎসবে যোগ দেয়ার কথা ছিল। এডিনবার্গ কাউন্সিলের এন্ড্রু হোমস বলেন, “এ সিদ্ধান্ত শুধু শুধু নেয়া হয়নি। জনগণের নিরাপত্তার বিষয়টি ছিল আমাদের প্রধান বিবেচ্য।”

উল্লেখ্য, ঝড়ো হাওয়ায় গাছ উপরে গত সপ্তায় সেখানে এক নারী নিহত হন।

খারাপ আবহাওয়ার কারণে গ্লাসগো, লিভারপুল, নিউক্যাসেল ও বেলফাস্টেও আউটডের কনসার্ট এবং আতশবাজি উৎসবও বাতিল করা হয়। তবে বৃষ্টি ও ঝড়ো হাওয়ার দাপট কিছুটা কম থাকায় লন্ডনে টেমস নদী তীরে পরিকল্পনামাফিক উৎসবে যোগ দেন প্রায় সাড়ে তিন লাখ মানুষ।