আমাজন অরণ্যে ১৫০ যাত্রী নিয়ে বিমান নিখোঁজ
ব্রাজিলের যাত্রীবাহী একটি বিমান কমপক্ষে ১৫০ জন যাত্রী নিয়ে শুক্রবার আমাজন অরণ্যে নিখোঁজ হয়েছে। নিখোঁজ বোয়িং ৭৩৭ বিমানটির ধ্বংসাবশেষ উদ্ধারে গভীর অরণ্যে তল্লাশি চালিয়ে যাচ্ছে দেশটির বিমানবাহিনী।
বিমান কর্তৃপক্ষের ধারণা একটি ব্যক্তিমালিকানাধীন ছোট বিমানের সাথে সংঘর্ষের কারণে বিমানটি নিখোঁজ হয়। ছোট বিমানটি পরে পারা প্রদেশে নিরাপদে অবতরণ করে। এটি সাও পাওলোর কাছাকাছি সাও জোসে দোস ক্যাম্পস বিমানবন্দর ছেড়ে এসেছিল।
ব্রাজিলের গোল এয়ার লাইন্সের এ বিমানটি রিও ডি জেনিরো থেকে ২,৭০০ কিমি উত্তর-পশ্চিমে অবস্থিত আমাজনের রাজধানী মানাউস শহর থেকে শুক্রবার ব্রাসিলিয়ায় উদ্দেশ্যে যাত্রা করলেও গন্তব্যে পৌঁছাতে ব্যর্থ হয়।
ব্রাজিলের বেসামরিক বিমান কর্তৃপক্ষ জানিয়েছে, অরণ্যে ঘেরা দুর্গম সাও ফেলিক্স দো আরাগুআইয়া শহরের ওপর দিয়ে উড়ে যাওয়ার সময় বিমানটির সাথে এয়ার ট্রাফিক কন্ট্রোল রুমের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।
বৃষ্টিপ্রধান ক্রান্তীয় বনাঞ্চল ঘেরা মাটো গ্রোসো শহরের মেয়র সাংবাদিকদের জানান, তার ধারণা বিমানটি অরণ্যে ঘেরা এ রাজ্যের একটি ফার্মের ওপর বিধ্বস্ত হয়েছে। আহতদের ওই অঞ্চলের হাসপাতালগুলোতে ভর্তি করা হয়েছে বলে তিনি জানান।
