খ্রিষ্টান ও মুসলমানদের আলোচনা চান পোপ
খ্রিষ্টান ও মুসলমানদের নিজেদের মধ্যে হিংসা-বিদ্বেষ ভুলে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন পোপ ষোড়শ বেনেডিক্ট। সোমবার ভ্যাটিক্যানে মুসলিম রাষ্ট্রদূতদের সাথে বৈঠকে তিনি একথা বলেন।
সম্প্রতি জার্মানিতে দেওয়া তাঁর এক বক্তব্য নিয়ে মুসলিম বিশ্বে অসন্তোষ দেখা দেয়। এরপর উভয় ধর্মের মধ্যে সম্পর্কোন্নয়নের লক্ষ্যে পোপ ২১টি মুসলিমপ্রধান দেশের রাষ্ট্রদূতদের সাথে ক্যাসেল গ্যান্ডেলফো শহরে তাঁর গ্রীষ্মকালীন আবাসে বৈঠকে করেন।
বৈঠকে তিনি বলেন, ইসলাম ধর্মাবলম্বীদের প্রতি তিনি গভীরভাবে শ্রদ্ধাশীল। খ্রিষ্টান ও ইসলাম ধর্মের মধ্যে সদর্থক আলোচনার প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।
পোপ মুসলিম রাষ্ট্রদূতদের সাথে আলাদা আলাদাভাবে বৈঠক করেন।
পোপ বলেন, ‘দায়িত্ব নেওয়ার পর থেকেই বিভিন্ন ধর্মের মধ্যে বন্ধুত্ব ও মৈত্রীর সেতু গড়ে তোলার আকাক্সক্ষা আমি বারবারই ব্যক্ত করেছি। বিশেষ করে আমি খ্রিষ্টান ও ইসলাম- এই দুই ধর্ম ও সংস্কৃতির মধ্যে সত্যিকারের মতবিনিময় হোক সেটাই চেয়েছি। আমি বিশ্বাস করি এটা খুবই জরুরি। কারণ, আমাদের ভবিষ্যতের বড় একটি অংশ এর ওপর নির্ভর করছে।’
পোপ উভয় ধর্মের মধ্যকার অভিন্ন মূল্যবোধগুলোর ওপর জোর দেন। তিনি বলেন, ক্যাথলিক চার্চের পক্ষ থেকে এই বৈঠক আয়োজনের মূল উদ্দেশ্যই ছিল সব ধরনের ভুল বোঝাবুঝির অবসান ঘটানো।
ওই বৈঠকে যেসব মুসলিম দেশের রাষ্ট্রদূতরা যোগ দেন তাদের মধ্যে ছিল, পাকিস্তান, ইরান, তুরস্ক ও মরক্কো।
