চীনে দুর্নীতির দায়ে কমিউনিস্ট নেতা বরখাস্ত
দুর্নীতির দায়ে সাংহাইয়ে চীনা কমিউনিস্ট পার্টির শীর্ষস্থানীয় এক নেতাকে বরখাস্ত করা হয়েছে।
উচ্চ পর্যায়ের এক তদন্তে পেনশন ফান্ডের অপব্যবহারের বিষয়টি ধরা পড়লে সাংহাইয়ের পার্টি সেক্রেটারি চেঙ লিয়ানগিউকে বরখাস্ত করা হয়। এছাড়া পলিটব্যুরো থেকেও তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয় বলে সিনহুয়া জানায়।
বিবিসির এক প্রতিনিধি জানান, তিন দশক আগে অর্থনৈতিক সংস্কার শুরু করার পর এটিই সম্ভবত সবচেয়ে জঘণ্য আর্থিক কেলেংকারীগুলোর একটি।
তদন্ত চালিয়ে দেখা যায়, তিনি পেনশন ফান্ডের ১ দশমিক ২ বিলিয়ন ডলার অপব্যবহার করেছেন। ওই অর্থ রিয়েল এস্টেট এবং অবকাঠামোগত কাজ ছাড়াও অনৈতিকভাবে ঋণ দেওয়ার কাজে ব্যবহার করেন।
সিনহুয়া জানায়, ৬০ বছর বয়সী চেঙ লিয়ানগিউ অবৈধভাবে বিভিন্ন প্রতিষ্ঠান ও স্বজনদের সুবিধা দিয়েছেন। এছাড়া রক্ষা করে গেছেন ঘনিষ্ঠদেরও, যারা সবসময়ই আইন-শৃঙ্খলা লংঘন করে চলতো।
