আন্দিজ পর্বতে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, শিশুসহ ৪৭ নিহত
ইকুয়েডরে ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় শিশুসহ ৪৭ জন নিহত এবং পাঁচজন আহত হয়েছে।
ইকুয়েডরের রাজধানী কুইটোর কাছে আন্দিজের পাহাড়ী রাস্তায় যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে গেলে হতাহতের এই ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে ১৭টি শিশু রয়েছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
বাসটি ৫২ জন যাত্রী বহন করছিল। এদের মধ্যে মাত্র পাঁচটি শিশু বেঁচে আছে। তাদের কাছের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ইকুয়েডরের সরকারি কর্মকর্তারা জানান, ল্যাটিন আমেরিকার এই দেশটিতে বেশ কয়েক বছরের মধ্যে এটাই সবচেয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। রাজধানী কুইটো থেকে ৪৫ কি..িম দূরে পাপাল্লাকটা নামক একটি পাহাড়ী গ্রামের কাছে দুর্ঘটনাটি ঘটে।
ইকুয়েডর পুলিশের মুখপাত্র প্যাট্রিসিও কুইসমো জানিয়েছে, বাসটির আরোহীরা সবাই ছিলেন একই পরিবারের সদস্য ও কয়েকজন ছিলেন তাদের বন্ধু-বান্ধব। সবাই মিলে বেড়াতে যাওয়ার উদ্দেশ্যে বাসটি ভাড়া করা হয়েছিল বলে জানান তিনি।
কুইটোর ১৬ কি.মি. দক্ষিণে আমাগুয়ানায় তাদের নিজ গ্রামে ফিরে আসার সময় মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটে।
মুখপাত্রটি বলেন, সংকীর্ণ পাহাড়ী পথে খুব দ্রুতগতিতে বাসটি চালাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে এবং বাসটি উল্টে খাদে পড়ে যায়।
প্রসঙ্গত আন্দিজ পর্বতের সর্পিল রাস্তাগুলোতে ভয়াবহ সব বাঁকের কারণে প্রায়ই সেখানে দুর্ঘটনা ঘটছে। এছাড়া, মেয়াদোত্তীর্ণ যানবাহন দুর্ঘটনার ঝুঁকি আরো বাড়িয়ে দেয়।
গত মার্চে একটি যাত্রীবাহী বাস পাহাড়ী পথে নিয়ন্ত্রণ হারিয়ে ৩০৫ মিটার নীচে গভীর খাদে পড়ে গেলে ১৭ জন নিহত ও ১৬ জন আহত হওয়ার ঘটনা ঘটে।
