২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

মুসলিম দূতদের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ

ক্যাথলিক গির্জার সঙ্গে বিরোধ মিটিয়ে ফেলতে বিভিন্ন দেশ থেকে আসা মুসলিম দূতদের সঙ্গে সাক্ষাৎ করবেন পোপ ষোড়শ বেনেডিক্ট।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 01:01 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিবিসি পরিবেশিত সংবাদে জানা যাচ্ছে, পোপের সাম্প্রতিক মন্তব্য নিয়ে মুসলিম দুনিয়ায় নিন্দার ঝড় সামাল দেওয়াই  মুসলিম নেতাদের সঙ্গে আলোচনার মূল উদ্দেশ্য। তার মন্তব্যের কারণে মুসলিম সমাজের অনেকে আহত হওয়ায় অবশ্য পোপ এর মধ্যেই প্রকাশ্যে দুঃখপ্রকাশ করেছেন।

বিবিসির রোম প্রতিনিধি জানিয়েছেন, মুসলিম সমাজের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আন্তরিক চেষ্টার নমুনা হিসেবে নজিরবিহীন হলেও এ পথে এগুচ্ছেন পোপ। অধিকাংশ মুসলিম নেতাই পোপের মন্তব্যের জন্য শর্তহীন ক্ষমা দাবি করেছেন।

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল দুরাও বারোসো অবশ্য পোপকে সমর্থন দিয়ে বলেছেন, ইউরোপীয় নেতাদের উচিত এসময় পোপের পাশে দাঁড়ানো।

জার্মানির একটি পত্রিকাকে বারোসো বলেছেন,‘ আমি অবাক হয়েছি যে আরো বেশি সংখ্যায় ইউরোপীয় নেতারা বলছেন না যে, স্বাভাবিকভাবেই পোপের মতপ্রকাশের স্বাধীনতা রয়েছে’। তার মতে, সমস্যাটি পোপের মন্তব্যের নয়, বরং উগ্রপন্থীদের প্রতিক্রিয়ায়।

পোপের সঙ্গে এ আলোচনা কার্ডিনাল পল পোপার্ড এবং ভ্যাটিক্যানের সব মুসলিম রাষ্ট্যদূতরাও উপস্থিত থাকবেন। ইরান, তুরস্ক এবং মরক্কো থেকে প্রতিনিধিদল আসা এর মধ্যেই নিশ্চিত হয়েছে।