লাদেনের মৃত্যু নিয়ে দুনিয়া জুড়ে বিভ্রান্তি
আল কায়েদার শীর্ষ নেতা ওসামা বিন লাদেনের মৃত্যু নিয়ে বিশ্বব্যাপী বিভ্রান্তি দেখা দিয়েছে।
গত মাসে টাইফয়েডে আক্রান্ত হয়ে পাকিস্তানে আল কায়েদা নেতা ওসামা বিল লাদেনের মৃত্যু হয়েছে বলে ফরাসী সংবাদপত্রে প্রকাশিত খবরটি শনিবার সন্ধ্যা পর্যন্ত যুক্তরাষ্ট্র সরকার নিশ্চিত করতে পারেনি।
যুক্তরাষ্ট্রের সন্ত্রাসবিরোধী একজন কর্মকর্তা শনিবার একথা জানান।
এ বিষয়ে কথা বলার জন্য অনুমোদিত ব্যক্তি না হওয়ায় নাম প্রকাশ করতে অনিচ্ছুক ওই কর্মকর্তা বলেন, ‘আমরা এ বিষয়ে এখনো নিশ্চিত নই’। এমন হতে পারে বলে কথা শোনা যাচ্ছে, তবে এ বিষয়ে আমরা নিশ্চিত করতে পারিনি।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। তবে তারা সতর্কতার সঙ্গে বিষয়টি দেখছেন।
দীর্ঘদিন ধরে আল কায়েদা নেতা বিন লাদেনের কোন ভিডিও টেপ প্রকাশ না হওয়ায় তিনি মারা গেছেন, গুরুতর আহত অথবা শারিরীকভাবে অসুস্থ হতে পারে বলে পুরো বছর জুড়েই সংবাদ মাধ্যমগুলো খবর দিয়েছে।
মার্কিনী কর্মকর্তার মতে, ওই জঙ্গি বাহিনীর পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোন ঘোষণা দেয়া না হলেও আল কায়েদা নেতার মৃত্যুর বিষয়টি নিয়ে শোকাচ্ছন্ন সদস্যদের মধ্যে অভ্যন্তরীণ ই-মেইল যোগাযোগ বা ফোনালাপ বেড়ে যাওয়ার কথা।
কিন্তু সাম্প্রতিক সপ্তাহগুলোতে এ ধরনের কোন ঘটনা ঘটেছে বলে জানা নেই।
বিন লাদেনের প্রধান সহকারি আয়মান আল জাওয়াহিরির একাধিক ভিডিও টেপ প্রকাশ হলেও গত ২০০৪ সাল থেকে বিন লাদেনের কোন টেপ প্রকাশ না হওয়ায় সংশ্লিষ্টদের মধ্যে লাদেনের মৃত্যুর ধারণাটি জোরদার হচ্ছে।
৪৯ বছর বয়সী সৌদি বংশোদ্ভূত আত্মগোপনকারি আল কায়েদা নেতা বিন লাদেনের মাথার জন্য ২৫ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দেয়া হলেও এ বছর তার কয়েকটি অডিও টেপ প্রকাশ হয়েছে। যা মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো নিশ্চিত করেছে।
তার সর্বশেষ অডিও টেপটি এ বছরের জুলাই মাসে প্রকাশ হয়েছে। যেখানে তিনি সুন্নীদের ওপর শিয়াদের আক্রমণের বিষয়ে সতর্ক করে দিয়ে বলেছেন, মার্কিনীদের বিরুদ্ধে আল কায়েদা পৃথিবীর যে কোন স্থানেই লড়াই করবে।
