ম্যানচেস্টারে যুদ্ধবিরোধী মিছিল আজ
ব্রিটিশ সরকারের মধ্যপ্রাচ্য নীতির বিরুদ্ধে শনিবার ম্যানচেস্টারে ২৫ হাজারেরও বেশি মানুষ বিক্ষোভ প্রদর্শন করতে যাচ্ছে। বিভিন্ন বার্তা সংস্থা এ খবর জানিয়েছে।
মিছিলটির আয়োজন করেছে স্টপ দ্য ওয়ার কোয়ালিশন, মুসলিম অ্যাসোসিয়েশন অব ব্রিটেন ও ক্যাম্পেইন ফর নিউক্লিয়ার ডিজআর্মামেন্ট নামের যুদ্ধবিরোধী তিনটি সংগঠন।
অপ্রীতিকর ঘটনা রোধে বিভিন্ন স্থানে এক হাজার পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হচ্ছে।
পুলিশের এক মুখপাত্র জানান, ১৫ হাজার থেকে ২৫ হাজার লোক বিক্ষোভে অংশ নেবেন বলে আশা করছেন তারা।বিক্ষোভকারীরা ম্যানচেস্টারের জি - মেক্স সেন্টারের বাইরে মাটিতে শুয়ে ইরাক, লেবানন ও ফিলিস্তিন যুদ্ধে শত শত নিরীহ লোকের মৃত্যুর একটি প্রতীকী আবহ তৈরি করবেন বলে জানা গেছে।
মুসলিম অ্যাসোসিয়েশনের মুখপাত্র হারিস বোখারি বলেন, “স্বাধীনতা, ন্যায়বিচার বা গণতন্ত্র -কোনো মানদন্ডেই মধ্যপ্রাচ্য যুদ্ধে ব্লেয়ারের নেয়া নীতির যথার্থতা খুঁজে পাওয়া যায় না।”
প্রসঙ্গত, এই জি- মেক্স সেন্টারেই প্রধানমন্ত্রী টনি ব্লেয়ারের লেবার পার্টির বার্ষিক অধিবেশন রোববার শুরু হতে যাচ্ছে।
