সামরিক শাসকদের অবস্থান সংহত
মঙ্গলবার রাতে রক্তপাতহীন অভ্যুত্থানের পর বুধবার সকালে সামরিক শাসকরা থাইল্যান্ডে নিজেদের কর্তৃত্ব আরো সংহত করেছে। ৩২ বছর আগে সাংবিধানিক রাজতন্ত্র প্রতিষ্ঠার পর থেকে এনিয়ে ১৮ বার দেশটিতে অভ্যুত্থান হলো। তবে মঙ্গলবারের সেনা অভ্যুত্থান ১৫ বছরের মধ্যে এই প্রথম।
জাতিসংঘের বিশেষ অধিবেশনে যোগ দেওয়া থাই প্রধানমন্ত্রী থাকসিন সিনাওয়াত্রা অবশ্য নিউইয়র্ক থেকে দাবি করছিলেন যে, পরিস্থিতি তার নিয়ন্ত্রণে রয়েছে।
আন্তর্জাতিক বার্তাসংস্থাগুলো জানিয়েছে, মঙ্গলবার রাতে সামরিক শাসন ঘোষিত হওয়ার পর রাজধানী ব্যাংককসহ পুরো দেশের পরিস্থিতি এখন থমথমে।
আঞ্চলিক সেনাপ্রধানদের রাজধানীর বাইরে শাসনভার প্রতিষ্ঠার দায়িত্ব নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
এর আগে অভ্যুত্থান পরবর্তী টিভি ভাষণে সেনাপ্রধান সোনথি বুনিয়ারাতলিন বলেছিলেন, দেশের একতা ও সংহতি রক্ষা করতে এ পদক্ষেপ আবশ্যক ছিল। আর সব সামরিক শাসকের মত তিনিও জানিয়েছেন, ক্ষমতা আঁকড়ে থাকার কোনো ইচ্ছাই সেনাবাহিনীর নেই।
রাজা ও রাণীর প্রমানাকৃতির ছবি পেছনে ও সেনা, নৌ, বিমান ও পুলিশ বাহিনীর প্রধানদের পাশে নিয়ে সোনথি তার সংক্ষিপ্ত ভাষণে আরো বলেন, অন্তবর্তীকালীন প্রধানমন্ত্রী থাকসিনের নীতি পুরো জাতিকে বিভক্ত করে দিচ্ছে।
দৃঢ়তার সঙ্গে সোনথি বলেন, ‘আমরা ক্ষমতা দখল করে নিয়েছি। সংবিধান, সংসদের উভয় কক্ষ, মন্ত্রীসভা এবং সব সাংবিধানিক আদালত বাতিল ঘোষণা করা হয়েছে’।
থাকসিন সরকারের সমালোচনা করে তিনি বলেন, রাজাকেও থাকসিন সরকার অপমান করেছে। সামরিক শাসকরা দেশের সবকটি প্রদেশের প্রধানদের নতুন সরকারের প্রতি আনুগত্য ঘোষণা করার নির্দেশ দিয়েছেন।
সরকারি ছুটি ঘোষিত হওয়ায় দেশের শেয়ার বাজারে, ব্যাংক এবং স্কুল-কলেজগুলো বুধবার বন্ধ ঘোষণা করা হবে।
জাতিসংঘে মঙ্গলবার নির্ধারিত থাকসিনের ভাষণ স্থগিত করা হয়েছে। কবে তিনি দেশে ফিরবেন, তা অনিশ্চিত হয়ে পড়েছে।
