২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আইএমএফে সংস্কার, চীন আরো ক্ষমতা পেলো

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সদস্য দেশগুলো বেশ কিছু সংস্কারের ব্যাপারে একমত হয়েছে। এর ফলে সংস্থাটিকে কিভবে পরিচালনা করা হবে সে ব্যাপারে চীন ও উদীয়মান অর্থনৈতিক শক্তিগুলো আরো বেশি ভূমিকা রাখতে পারবে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 04:01 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সিঙ্গাপুরে আইএমএফের বার্ষিক সভায় ১৮৪টি সদস্য দেশ এমন একটি পরিকল্পনা অনুমোদন করে, যার ফলে চীনের ভোটাধিকার ও  সংস্থাটিতে আর্থিক অবদান রাখার সামর্থ জোরদার হয়ে উঠেছে।

 দীর্ঘ দিন ধরে সমালোচকরা বলে আসছেন, আইএমএফ-কে চালাচ্ছে মূলত যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় দেশগুলো। গরিব দেশগুলোর প্রতিনিধির সংখ্যাও এখানে তুলনামূলকভাবে কম।

আইএমএফের প্রধান লক্ষ্যই হচ্ছে বিশ্বব্যাপী আর্থিক স্থিতিশীলতা নিশ্চিত এবং আন্তর্জাতিক অর্থ সংকট উত্তরণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া।

তবে সমালোচকরা বলছেন, কয়েকটি দেশের একপেশে ভোট প্রদানের ক্ষমতা বহাল থাকায় আইএমএফ তার বিশ্বাসযোগ্যতা হারাচ্ছে।

 যুক্তরাষ্ট্র এবং পশ্চিমা বিশ্ব বিভিন্ন বিষয়ে উন্নয়নশীল দেশগুলোর মতামত ও পরামর্শের মূল্যায়ন করেনা বলে অভিযোগ রয়েছে।

তবে সিঙ্গাপুরে অনুষ্ঠিত বার্ষিক সভায় চীন, দক্ষিণ কোরিয়া, মেক্সিকো এবং তুরস্কের ক্ষমতা ও প্রভাব আরো বৃদ্ধির সিদ্ধান্ত নিয়েছে আইএমএফ।

ফলে আইএমএফের সবচেয়ে ক্ষমতাধর সদস্যের তালিকায় যুক্তরাষ্ট্র, জাপান, জার্মানি, ফ্রান্স  ও যুক্তরাজ্যের পরেই থাকবে চীন।

আইএমএফের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে দক্ষিণ কোরিয়া।

তবে ২০টিরও বেশি দেশ এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে। এর মধ্যে ল্যাটিন আমেরিকা ও মধ্যপ্রাচ্যের দেশগুলো রয়েছে।