পোপের অ্যাঞ্জেলাস ব্লেসিং অনুষ্ঠানকে কেন্দ্র করে রোমে নিরাপত্তা জোরদার
মহানবী হযরত মোহাম্মদ (সা:) এবং ইসলাম ধর্ম নিয়ে বিরূপ মন্তব্যের পর রোববার অ্যাঞ্জেলাস ব্লেসিং উপলক্ষে পোপ ষোড়শ বেনেডিক্টের প্রথমবারের মতো জনসম্মুখে উপস্থিত হওয়ার কথা। এ উপলক্ষে ইতালির রাজধানী রোমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
গত মঙ্গলবার জার্মানির রেজেনবার্গ বিশ্ববিদ্যালয়ে ভাষণদানকালে জার্মান বংশোদ্ভূত পোপ ষোড়শ বেনেডিক্ট ১৪ শতকের এক খ্রিস্টান সম্রাটের বরাত দিয়ে বলেন, হযরত মোহাম্মদ ধর্ম প্রচারে যা কিছু করেছেন তা ছিল ‘অশুভ এবং মানবজাতির জন্য অকল্যাণকর’।
পোপের এই মন্তব্যে ক্ষোভে উত্তাল হয়ে উঠেছে সমগ্র মুসলিম বিশ্ব। এদিকে ভ্যাটিকান শনিবার এক বিবৃতিতে জানায়, পোপ তার মন্তব্যের জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।
কিন্তু তাঁর এই দুঃখ প্রকাশেও ক্ষোভ স্তিমিত হয়নি মুসলিম বিশ্বের ধর্মীয় এবং রাজনৈতিক নেতাদের। তারা তা প্রত্যাখান করে বলেছেন, দুঃখ প্রকাশ নয়, পোপকে এ মন্তব্যের জন্য ক্ষমা চাইতে হবে।
মিশরের গোঁড়া ধর্মীয় সংগঠন মুসলিম ব্রাদারহুড বলেছে, অন্যের ধর্মীয় চেতনায় আঘাত হানার মতো অবমাননাকর মন্তব্যের জন্য পোপের উচিত জনে জনে ক্ষমা চাওয়া।
ইরাকের বিদ্রোহী দল মুজাহিদিন আর্মি তাদের ওয়েবসাইটে ভ্যাটিকান হামলার হুমকি দিয়ে এক বিবৃতি প্রকাশ করেছে।
তুরস্কের প্রধানমন্ত্রী তায়িপ এর্দোগান পোপের মন্তব্যকে ‘কদর্য’ এবং ‘দুর্ভাগ্যজনক’ বলে উল্লেখ করে ক্ষমা প্রার্থনার জন্য পোপের প্রতি আহ্বান জানিয়েছেন।
এর ফলে অনিশ্চিত হয়ে পড়েছে নভেম্বরে পোপের তুরস্ক সফর। এ বিষয়ে তুরস্কের প্রধানমন্ত্রীর কাছে জানতে চাওয়া হলে তিনি তার অজ্ঞতা প্রকাশ করেন।
পোপের মন্তব্যের প্রতিবাদে পাকিস্তান, ভারত, তুরস্ক এবং গাজা ব্যাপক গণবিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
এদিকে এ মন্তব্যের পর পোপ ব্যাপক ক’টনৈতিক চাপে পড়বেন বলে ধারণা করা হচ্ছে। তবে সমগ্র মুসলিম বিশ্বের দাবির প্রেক্ষিতে তিনি ক্ষমা চাইবেন বলেও আপাতঃদৃষ্টে মনে হচ্ছে।
