মহানবী (সঃ) কে নিয়ে পোপের মস্তব্যে মুসলিম বিশ্বে¦ ক্ষোভ, ক্ষমা প্রার্থনার দাবি
মহানবী হযরত মোহাম্মদ (সঃ) কে নিয়ে পোপ ষোড়শ বেনেডিক্টের মস্তব্যে মুসলিম বিশ্ব ক্ষোভে ফেটে পড়েছে। মুসলমানদের মনে আঘাত দেয়ার কোন ইচ্ছা পোপের ছিলনা বলে ভ্যাটিকান একটি বিবৃতি দিলেও ক্ষোভ প্রশমিত হওয়ার কোন লক্ষন নেই। কাতারের ধর্মীয় নেতা শেখ ইউসেফ আল কারদাওয়ি মুসলমানদের ধর্মীয় চেতনায় আঘাত হানার জন্য পোপের প্রতি মুসলিম বিশ্বের কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানিয়েছেন। গভীর দু:খ প্রকাশ করেছে ইসলামী সম্মেলন সংস্থা। মিসরের মুসলিম ব্রাডারহুড প্রধান বলেছেন, পোপের মন্তব্য সারা বিশ্বের মুসলমানদের ধর্মীয় চেতনায় আঘাত হেনেছে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
জার্মানীর রেজেন্সবার্গ বিশ্ববিদ্যালয়ে এক ভাষণে জার্মান বংশোদ্ভূত পোপ বেনেডিক্ট ১৪ শতকের খ্রীষ্টান সম্রাটদের উদ্বৃতি দিয়ে বলেন, হযরত মোহম্মদ (সঃ) পৃথিবীতে কেবল অশুভ এবং অমানবিক বিষয়গুলো নিয়ে এসেছেন।
কিন্তু মুসলমানদের ক্ষোভ প্রশমন করতে গিয়ে ভ্যাটিকানের প্রধান মুখপাত্র ফেডরিকো লমবার্ডি বলেন, মুসলমানদের চেতনায় আঘাত হানার জন্য পোপ এই মন্তব্য করেননি। তিনি আরো বলেন, অন্যান্য ধর্ম ও সংস্কৃতির প্রতি সন্মান ও তাদের মধ্যে সংলাপের পরিবেশ সৃস্টিই ছিল তার উদ্দেশ্য।
পোপ তার ভাষণে ইসলাম এবং খিৃস্টান ধর্মের মধ্যে ঐতিহাসিক ও দর্শনগত পার্থক্য এবং সহিংসতা ও ধর্মের মধ্যে সম্পর্ক নিয়ে আলোচনা করেন। ।
মুখপাত্র জোর দিয়ে বলেন, এসব অবশ্য পোপের নিজের কথা নয়। তিনি কেবল মহানবীকে নিয়ে ১৪ শতকের গোঁড়া বাইজেন্টাইন খ্রীষ্টান সম্রাট দ্বিতীয় ম্যানুয়েল পালেওলোগোসের মন্তব্য পুনরাবৃত্তি করেছেন।
সম্রাট পালেওলোগোস মহানবী (সঃ) সম্পর্কে বলেছিলেন, তিনি নতুন কিছু নিয়ে এসে থাকলে তা আমাকে দেখাও। নতুনত্ব খুজঁতে গেলে আপনি শধু পাবেন অশুভ ও অমানবিক বিষয়গুলো। ধর্মের বাণী প্রচারে তিনি বেছে নিয়েছেন তরবারী।
ভ্যাটিকানের প্রধান মুখপাত্র ফেডরিকো লমবার্ডি বলেন, পোপ ইসলাম ও অন্যান্য ধর্ম সম্পর্কে সুধারণা পোষণ করেন এবং বিভিন্ন ধর্মের অনুসারীদের মধ্যে সুসম্পর্ক স্থাপনে তিনি আগ্রহী।
মুসলিম ব্রাদারহুডের প্রধান মোহাম্মদ মাহদী আকেফ পোপের মুসলিম বিদ্বেষী মনোভাবের সমালোচনা করে বলেন, পোপ আসলে ইসলামের সঠিক ও অর্ন্তনিহিত অর্থ জানেন না। তাই পাশ্চাত্যের বেশিরভাগ লোকের মতো তিনি ইসলাম ধর্মের সঠিক মূল্যায়নে ব্যর্থ হয়েছেন।
তিনি আরো বলেন, পোপের মন্তব্যে আমি বিস্মিত হয়েছি। ক্যাথলিক চার্চের সবচেয়ে ক্ষমতাধর এই ব্যক্তি কি করে ইসলাম সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারলেন।
মুসলমানদের ধর্মীয় চেতনায় আঘাত হানার জন্য পোপের প্রতি মুসলিম বিশ্বের কাছে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান কাতারের ধর্মীয় নেতা শেখ ইউসেফ আল কারদাওয়ি।
