আমেরিকাবিরোধী মনোভাব পাগলামী ছাড়া আর কিছুই নয় ঃ ব্লেয়ার
ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার কিছু কিছু ইউরোপীয় নেতার আমেরিকাবিরোধী মনোভাবকে পাগলামী ছাড়া আর কিছুই নয় বলে অভিহিত করেছেন। তিনি বলেন, সন্ত্রাসসহ বিভন্ন সমস্যা মোকাবিলায় যুক্তরাষ্ট্রের সহায়তার প্রয়োজন রয়েছে।
পররাষ্ট্র নীতি বিষয়ক কেন্দ্র প্রকাশিত প্যাম্পলেটে তিনি বলেন, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ অপ্রচলিত বলে শক্তি ছাড়াও মূল্যবোধের উন্নয়ন ঘটিয়ে এই যুদ্ধে জিততে হবে। এ বছর বিদেশনীতি নিয়ে ব্লেয়ারের তিনটি বক্তব্যের উপর ভিত্তি করে প্যাম্পলেটটি তৈরি করা হয়।
প্রধানমন্ত্রী ভুল স্বীকার করে বলেন, অতীতে বিশ্বব্যাপী সন্ত্রাস নির্মূলের উদ্যোগে বেশ কিছু ভুল হয়েছে। কিন্তু আমরা যা বিশ্বাস করি সেই মূল্যবোধের উন্নয়ন ঘটাতে দেশগুলো যথেস্ট সাহসী নয়। তিনি আরও বলেন,বিশ্বব্যাপী দারিদ্র ,অন্যায় এবং পরিবেশ বিপর্যয়ের বিষয়টি সাহসের সঙ্গে মোকাবিলা করতে না পারলে সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেয়ার প্রতি সমর্থন কখনোই মিলবে না।
তিনি উদারপন্থীদের একটি জোট গঠনের আহবান জানিয়ে আশা প্রকাশ করেন যে তারা মুসলমান, ইহুদী, খ্রীষ্টান, ধনী ও উন্নয়নশীল দেশগুলোকে নিয়ে শান্তি ও সম্প্রীতির দিকে বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে পারবে।
টনি ব্লেয়ার বিবিসির সঙ্গে এক সাক্ষাৎকারে এক বছরের মধ্যে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন।
