কানাডায় কলেজে বন্দুকধারীর গুলি, নিহত এক আহত ১৯
শহরের একটি কলেজে অজ্ঞাত পরিচয়ের বন্দুকধারীর গুলিতে এক তরুনী নিহত নিহত হয়েছেন। আহত হন ১৯ জন। ছয়জনের অবস্থা আশংকাজনক।
খবর বিভিন্ন বার্তা সংস্থার
কানাডার মন্ট্রিল শহরের কেন্দ্রস্থলে ডওসন কলেজের ক্যাফেটেরিয়ায় দুপুরের খাবারের সময় কালো কাপড়ে মুখ ঢাকা এক বন্দুকধারী এলোপাথারি গুলি চালায়। এতে ওই তরুনী নিহত হন। তার বয়স বিশের কোঠায়। আহত ১৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে বন্দুকধারীকে গুলি করে হত্যা করে।
গুলির শব্দ পেয়ে আতংকিত ছাত্ররা কলেজ ক্যাম্পাস থেকে পালিয়ে যান। অনেকে জড়ো হন শ্রেণীকক্ষে ।
মন্ট্রিলের পুলিশ প্রধান ইভান ডিলোর্ম আরডিআই টেলিভিশনকে জানান, হাসপাতালে নেওয়ার পর আহত তরুনীর মৃত্যু হয়।
ডওসন কলেজের ছাত্র সোহার মারৌস জানান, কঠিন ও ভাবলেশহীন চেহারার একটি লোক কোন কিছু বলা-কওয়া ছাড়াই আমাদের দিকে এলোপাথারি গুলি চালায়।
এদিকে ঘটনার তীব্র নিন্দা করে একে ‘কাপুরোষিত ও কান্ডজ্ঞানহীন’ হত্যাকান্ড বলে অভিহিত করেছেন কানাডার প্রধানমন্ত্রী স্টিফেন হারপার। তিনি বলেন, ‘আহত ছাত্রদের চিকিৎসা এবং নিরাপত্তার ব্যবস্থা করাই এখন আমাদের প্রথম ও প্রধান দায়িত্ব।’
কানাডায় শিক্ষা প্রতিষ্ঠানে গুলি চালানোর এ রকম আরেকটি ঘটনা ঘটেছিল ১৯৮৯ সালের ডিসেম্বরে। ইকোল পলিটেকনিকে প্রবেশ করে এক বন্দুকধারী ছাত্রীদের ওপর নির্বিচারে গুলি চালালে ১৪ ছাত্রী নিহত হন। পরে ঐ বন্দুকধারী আত্মহত্যা করে।
