২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

পশ্চিমা স্থাপনা এবং ইসরায়েলে হামলার হুমকি দিয়েছে আল - কায়েদা

পশ্চিমা স্থাপনায় আবারও আঘাত হানার আহবান জানানোর মধ্য দিয়ে সোমবার যুক্তরাষ্ট্রের মত আল কায়েদাও ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পাঁচ বছর পূর্তি উদযাপন করেছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Sep 2006, 02:51 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

এ উপলক্ষে সংগঠনটির দ্বিতীয় শীর্ষ নেতা আয়মান আল জাওয়াহিরি হুঁশিয়ারী উচ্চারণ করে বলেছেন, পশ্চিম দুনিয়ার অর্থনৈতিক বিপর্যয় নিশ্চিত করার জন্য মার্কিন মিত্র উপসাগরীয় আরব দেশ ও ইসরায়েলই হবে তাদের হামলার পরবর্তী টার্গেট।

জঙ্গীদের ব্যবহৃত একটি ওয়েবসাইটে প্রচারিত এক ভিডিও টেপে জাওয়াহিরি বলেন, ‘আমাদের মুসলিম ভাইদের রক্ষা করার সবচেয়ে কার্যকর উপায় হচ্ছে ইহুদি ও ক্রুসেডারদের স্থাপনায় আঘাত হানা। যারা বিধর্মীদের সহায়তা করছে আঘাত হানতে হবে তাদের স্বার্থেও।

পশ্চিমা পরাশক্তিগুলোর প্রতি এক বার্তায় তিনি বলেন, ইরাক এবং আফগানিস্তানে বিদেশী সৈন্য মোতায়েন কেবল ধ্বংসই ডেকে আনবে।

ভিডিও টেপে তিনি বলেন, “ইরাক এবং আফগানিস্তানে বহুজাতিক বাহিনীর প্রতিরক্ষা ব্যবস্থা যতই জোরদার করা হোক না কেন, প্রথমে ইরাক থেকে যৌথবাহিনীকে উৎখাত করা হবে। এরপর ধ্বংস করা হবে পশ্চিমা বিশ্বের অর্থনৈতিক সমৃদ্ধির উৎসগুলো।”

জাওয়াহিরি আরো বলেন, “আল - কায়েদার পরবর্তী লক্ষ্যবস্তু হবে ইসরায়েল। ইসরায়েল পতনের মাধ্যমে আল - কায়েদা সেখানে ইহুদিবাদ প্রতিষ্ঠায় যুগ যুগ ধরে চলা ধর্মযুদ্ধে অংশ নেওয়া ইহুদি যোদ্ধাদের শ্রেষ্ঠত্ব বিলীন করে দেবে।”

জাওয়াহিরি লেবাননে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীকে ‘ইসলামের শত্র“’ বলে আখ্যায়িত করেছেন।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘প্রকৃত মুসলমানদের প্রতি আমার অনুরোধ তারা যেন দক্ষিণ লেবানন থেকে দখলদার ইহুদিদের হঠিয়ে দিতে জিহাদে অংশ নেন।’

ভিডিও টেপটিতে পশ্চিমা পরাশক্তি এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যাপক জিহাদ বা যুদ্ধ পরিচালনার আহ্বান জানিয়েছেন জাওয়াহিরি।

ফিলিস্তিন এবং লেবাননে অন্যায়ভাবে মুসলিম নিধনের জন্য ইহুদি এবং খ্রিস্টানদের উপযুক্ত মূল্য দিতে হবে বলে তিনি মন্তব্য করেন।