টুইন টাওয়ার হামলার ৫ম বার্ষিকী আজ
মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ২০০১ সালের ১১ সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলার পঞ্চম বর্ষপূর্তির স্মরণ অনুষ্ঠানের সূচনা করেছেন নিউইয়র্কে বিধ্বস্ত ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের জায়গায় পুষ্পস্তবক অর্পণের মধ্য দিয়ে।
বুশ এবং তার স্ত্রী লরা বুশ ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের খালি জায়গা দিয়ে নীরবে হেঁটে যান। এরপর ভবনগুলোর ভিত্তিমূলে যেখানে এখন জলাধার তৈরি করা হয়েছে তাতে ফুলের স্তবক ভাসিয়ে দেন। এ সময় ব্যাগপাইপারে বাজতে থাকে করুণ সুর।
এরপর তারা কাছের সেন্ট পলস চ্যাপেলে গিয়ে অন্য সবার সাথে প্রার্থনায় অংশ নেন।
প্রার্থনা শেষে বুশ বলেন, ‘এই দিনটি অনেক মানুষের জন্য একটি বেদনাময় দিন। এই বিষাদময় দিনটি আমি কোনদিন ভুলতে পারবো না। এখন পর্যন্ত সন্ত্রাসীরা আমাদের ধরাছোঁয়ার বাইরেই রয়ে গেছে এবং তারা যে কোন সময় আবারও এ ধরনের হামলা চালাতে পারে।’
স্মরণ অনুষ্ঠানে সন্ত্রাসী হামলায় নিহতদের নাম পড়ে শোনানো হয়। যে সময়টাতে হামলা চালানো হয়েছিল ঠিক সেই সময়টিতেই এক মিনিট নীরবতা পালন করা হয়। বুশ এরপর যোগ দেন সেদিনের টুইন টাওয়ারের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার কাজে নিয়োজিত কর্মীদের সঙ্গে। তিনি পেন্টাগন এবং পেনসিলভানিয়ার যে স্থানে সেদিন হামলা হয়েছিল সেই জায়গাগুলোও পরিদর্শন করেন।
তবে বিরোধী ডেমোক্রেটিক পার্টি অভিযোগ করে বলেছে, প্রেসিডেন্ট বুশ নিউইয়র্ক ও ওয়াশিংটনে চালানো এই সন্ত্রাসী হামলাকে তার রাজনৈতিক স্বার্থসিদ্ধির কাজে ব্যবহার করছেন।
২০০১ সালের এ দিনটিতে টুইন টাওয়ারে বিমান হামলায় নিহত হয়েছিল প্রায় তিন হাজার মানুষ।
এদিকে পররাষ্ট্র মন্ত্রী কন্ডোলিৎসা রাইস এক সাক্ষাতকারে বলেছেন, পাঁচ বছর আগের সময়ের তুলনায় যুক্তরাষ্ট্র এখন অনেক নিরাপদ। তবে পরিস্থিতি একেবারেই নিশ্চিন্ত হওয়ার মতোন নয়। তিনি বলেন, এই কয়েক বছরে আমরা অনেক চেষ্টা করেছি এই নিরাপত্তার জন্য, আমাদের বন্দরগুলো এখন আগের চেয়ে সুরক্ষিত, গোয়েন্দা সংস্থাগুলোও আগের চেয়ে অনেক বেশী তৎপর।
