২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আফগানিস্তানে ভয়াবহ দুর্ভিক্ষের পদধ্বনি

উত্তর এবং পশ্চিম আফগানিস্তানে খরা এবং অনাবৃষ্টিতে উঠতি ফসলের ব্যাপক ক্ষতি হওয়ায় সেখানে ভয়াবহ দুর্ভিক্ষের আশংকা করা হচ্ছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Sep 2006, 02:17 PM

Updated : 26 Apr 2022, 03:55 PM

যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ‘ক্রিশ্চিয়ান এইড’ এ খবর জানিয়েছে।

আফগানিস্তানের খরা কবলিত ৬৬ টি গ্রামে সংস্থাটির পরিচালিত এক জরিপে দেখা গেছে, এসব গ্রামে প্রচন্ড খরায় উঠতি ফসল সম্পূর্ণ বিনষ্ট হয়ে গেছে। ফলে নিঃস্ব হয়ে পড়েছে এসব অঞ্চলের কৃষকরা।

ব্রিটিশ সরকার এবং আন্তর্জাতিক দাতা সংস্থার কাছে আফগানিস্তানের খরা কবলিত এলাকায় সাহায্যের আবেদন জানিয়েছে এই সংস্থাটি।

জরিপে বলা হয়, আফগানিস্তানের হেরাত, বাদঘিস এবং ঘোর প্রদেশে পানির বেশিরভাগ উৎস শুকিয়ে গেছে। টানা অনাবৃষ্টিতে ফারিয়াব প্রদেশের গম ক্ষেতগুলোর উৎপাদন ১০০ থেকে ৯০ ভাগে নেমে এসেছে। হেরাত, ঘোর, ফারাহ, বাদঘিস এবং ফারিয়াব প্রদেশের প্রায় ১০ লাখ লোক এই দুর্ভিক্ষের শিকার। 

খরা এবং দুর্ভিক্ষ মোকাবিলায় আফগান সরকার ৪১ মিলিয়ন বা চার কোটি দশ লাখ পাউন্ড সাহায্যের আবেদন জানিয়েছে।

ক্রিশ্চিয়ান এইডের জন ডেভিসন বলেন, ‘এই সপ্তাহে বিশ্ববাসী নিউইয়র্কে ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের সন্ত্রাসী হামলায় নিহতদের কথা স্মরণ করবে। তবে আমরা চাই তারা এ কথাটিও মনে করুক যে পাঁচ বছর আগে আফগানিস্তানে ভয়াবহ খরা এবং দুর্ভিক্ষে প্রায় ৫০ লাখ লোক প্রায় মরতে বসেছিল।’

তিনি আরো বলেন, পাঁচ বছর পর আবারো সে ধরনের ভয়াবহ খরায় আক্রান্ত হয়েছে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ। যা লাখ লাখ মানুষের জীবন এবং জীবিকাকে করে তুলেছে বিপন্ন।

জরিপে আরো বলা হয়, শিশু, গর্ভবতী নারী, বৃদ্ধ, ভূমিহীন কৃষকরাই সবার আগে শিকার হবে ভয়াবহ এ দুর্ভিক্ষের।

আফগানিস্তানে ক্রিশ্চিয়ান এইডের কর্মকর্তা সুলতান মাকসুদ ফাজেল আগামী কয়েকমাসে সেদেশে এই দুর্ভিক্ষ আরো তীব্র এবং ভয়ংকর রূপ ধারণ করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন।

যুক্তরাজ্যের ডিপার্টমেন্ট ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট (ডিএফআইডি) আফগানিস্তানের বিভিন্ন প্রদেশে অনাবৃষ্টি এবং দুর্ভিক্ষ পরিস্থিতিকে উদ্বেগজনক বলে জানিয়েছে।