অ্যান্টার্কটিকায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বাড়ছে
এ বছর অ্যান্টার্কটিকায় কার্বন ডাই অক্সাইডের পরিমাণ আট লাখ বছরের মধ্যে সবচেয়ে বেশি বেড়েছে বলে বিজ্ঞানীদের এক গবেষণায় জানা গেছে।
অ্যান্টার্কটিকায় ‘আইস ড্রিলিং’ পদ্ধতিতে গবেষণা চালিয়ে দেখা গেছে সেখানে বরফের চাঁইয়ের ভেতর এ বছর কার্বন ডাই অক্সাইডের স্তর গত বছরগুলোর তুলনায় অতিরিক্ত পরিমাণ বেড়েছে।
৩.২ কিলোমিটার দীর্ঘ জমাটবদ্ধ বরফের মধ্যে আটকে থাকা বাতাসের বুদ্বুদে প্রচুর পরিমাণ কার্বন ডাই অক্সাইড বা গ্রীন হাউজ গ্যাস রয়েছে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন।
এই বিপুল পরিমাণ কার্বন ডাই অক্সাইড বিশ্বব্যাপী জলবায়ু পরিবর্তনের অন্যতম কারণ হয়ে দাঁড়াবে বলে আশংকা প্রকাশ করেছেন বৃটিশ অ্যান্টার্কটিক সার্ভের বিজ্ঞানী ড. এরিক উলফ। জলবায়ুর এই পরিবর্তন জীবজগতের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়াবে বলে জানিয়েছেন তিনি।
বরফাচ্ছাদিত অ্যান্টার্কটিকার ডোম কনকর্ডিয়া নামক অঞ্চলে কার্বন ডাই অক্সাইড বহনকারী এই আইস কোর বা বরফের চাঁইগুলোর সন্ধান পাওয়া গেছে।
বৃটিশ অ্যাসোসিয়েশন সায়েন্স ফেস্টিভ্যালে ড. উলফ আরো বলেন, ‘৮ লাখ বছর ধরে অ্যান্টার্কটিকার এই বরফের চাঁইগুলো প্রকৃতির অনন্য সৌন্দর্য হিসেবে পরিচিতি পেয়ে আসছিল। তবে সাম্প্রতিক সময়ে বরফের এসব চাঁইয়ের ভেতর অতিরিক্ত কার্বন ডাই অক্সাইডের সন্ধান লাভ জলবায়ুর ব্যাপক ও ক্ষতিকর পরিবর্তনের কারণ হয়ে দাঁড়িয়েছে।’
গত দু’শ বছরে মানুষের নানা ধরনের পরিবেশবিরোধী কর্মকাণ্ড বাতাসে কার্বন ডাই অক্সাইডের মাত্রা বাড়িয়ে দিয়েছে বলে উলফ জানান।
