২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ইসরায়েলি অবরোধের সত্ত্বেও বৈরুতে কাতারের বিমান অবতরণ

ইসরায়েলি অবরোধ সত্ত্বেও সোমবার সন্ধ্যায় লেবাননের রাজধানী বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দরে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট অবতরণ করে। বিভিন্ন বার্তা সংস্থার খবরে এ তথ্য জানানো হয়।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2006, 12:17 PM

Updated : 26 Apr 2022, 03:54 PM

কাতার সরকার জানিয়েছে, কাতার এয়ারওয়েজের এই ফ্লাইট এখন থেকে রাজধানী দোহা থেকে বৈরুতে সরাসরি নিয়মিত যাতায়াত করবে।

গত ১২ জুলাই লেবাননে সামরিক অভিযান শুরুর পর থেকে সেদেশের আকাশ এবং সমুদ্রপথ অবরোধ করে রেখেছে ইসরায়েল।

এর আগে কাতার এয়ারওয়েজের এয়ারবাস ৩২০ নিয়মিতভাবে দোহা-বৈরুত রুটে চলাচল করলেও ইসরায়েলি অবরোধের কারণে বৈরুতের পরিবর্তে জর্ডানের রাজধানী আম্মানে অবতরণ করতো।

আগস্টের ১৪ তারিখ জাতিসংঘের ইসরায়েল-লেবানন যুদ্ধবিরতি চুক্তি সম্পাদিত হওয়ার পর কাতার এয়ারওয়েজই প্রথম এয়ারলাইন যেটি নির্ধারিত ফ্লাইট পুনরায় চালু করার অনুমতি পেল।

লেবানন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে আবারো নিয়মিতভাবে ওই রুটে যাত্রীবাহী বিমান চলাচল শুরু হওয়ার ঘোষণা দিয়েছিল কাতার এয়ারওয়েজ। গত রোববার এই ঘোষণা দেয়া হয়।

তবে এই ফ্লাইটটি চালু করতে ইসরায়েলের অনুমতি দরকার হয়েছে কিনা তা জানা যায়নি।

জাতিসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ প্রস্তাবনার শর্তের পরিপন্থী হওয়া সত্ত্বেও ইসরায়েল ১২ জুলাই লেবাননে সামরিক অভিযান শুরুর পর থেকে সেদেশের আকাশ এবং সমুদ্রপথ অবরোধ করে রেখেছে।