মিশরে রেল দুর্ঘটনায় নিহত পাঁচ
মিশরে সোমবার এক ট্রেন দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। বিভিন্ন বার্তা সংস্থা সূত্রে এ খবর জানা গেছে।
রাজধানী কায়রোর উত্তরাঞ্চলীয় শহর শিবিন আল কানাতের এ একটি যাত্রীবাহী ও একটি মালবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে এই হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার কারণ এখনো জানা যায়নি। তবে কর্তৃপক্ষ ট্রেন দুর্ঘটনার কারণ সম্পর্কে তদন্ত করছে।
দুই সপ্তাহ আগে মিশরের কালিয়ুব শহরের কাছে দুটি যাত্রীবাহী ট্রেনের সংঘর্ষে ৫৮ জন নিহত হয়েছিল।
পরিবহন দুর্ঘটনা এখন মিশরে নিত্যনৈমিত্তিক ঘটনায় পরিণত হয়েছে।
যোগাযোগ ও পরিবহন ব্যবস্থার করুণ ও বেহাল দশায় সেখানে জনমনে তীব্র অসন্তোষ বিরাজ করছে।
