ক্যাস্ত্রো ভালো আছেন
ভালো আছেন কিউবার রাষ্ট্রপতি ফিদেল ক্যাস্ত্রো। কিউবার রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত নতুন ভিডিওচিত্রে তাকে ভেনেজুয়েলার রাষ্ট্রপতি হুগো শ্যাভেজের সাথে বৈঠক করতে দেখা যায়। টিভি অনুষ্ঠানে তাকে বেশ প্রাণবন্ত মনে হয়েছে।
এক মাস আগে ফিদেল ক্যাস্ত্রোকে শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। গ্যাস্ট্রিক সার্জারি পর এখন তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উ^ঠছেন।
হুগো শ্যাভেজ এশিয়া সফর শেষে ফেরার পথে এক আকস্মিক সফরে কিউবায় যান। শ্যাভেজ বন্ধু ক্যাস্ত্রোকে চমক দেওয়ার জন্যই কিউবায় এ আকস্মিক সফরে গিয়েছেন।
রাষ্ট্রীয় টেলিভিশনের ধারণকৃত পাঁচ মিনিটের একটি ভিডিওতে দেখা যায়, ক্যাস্ত্রো তার শয্যায় বসে শ্যাভেজের সাথে খুব প্রাণবন্তভাবে কথা বলছেন। এক মাস আগে অসুস্থ হয়ে শয্যা নেওয়ার পর দ্বিতীয়বারের মতো রাষ্ট্রীয় টেলিভিশনে ক্যাস্ত্রোর অবস্থা তুলে ধরে অনুষ্ঠান প্রচার করা হলো। গত ১৩ আগস্ট ক্যাস্ত্রোর আশিতম জন্মদিনে আগের ভিডিওটি দেখানো হয়। আগের চেয়ে এখনকার ভিডিওচিত্রে তাকে আরও সুস্থ মনে হয়েছে।
হুগো শ্যাভেজ বলেছেন, তার বন্ধু ও মিত্র স্পষ্টতই আরোগ্য লাভ করছেন। তবে ক্যাস্ত্রোর অসুখটা যে কি সেটা রাষ্ট্রীয়ভাবে গোপন রাখা হয়েছে। সুস্থ হওয়ার পর দীর্ঘ ৪৭ বছর ধরে কিউবার নেতৃত্বদানকারী ক্যাস্ত্রো আবারও দায়িত্ব নিতে পারবেন কি না সেটা এখনও স্পষ্ট নয়।
ক্যাস্ত্রো অসুস্থ থাকায় যৌথনেতৃত্বের মাধ্যমে কিউবা পরিচালিত হচ্ছে। ফিদেল ক্যাস্ত্রোর ছোট ভাই প্রতিরক্ষা মন্ত্রী রাউল ক্যাস্ত্রো এক্ষেত্রে নেতৃত্ব দিচ্ছেন। তবে কিউবার বেশির ভাগ জনগণ মনে করে, ক্যাস্ত্রো শীগগিরই পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং তাদের নেতৃত্ব দেবেন। সর্বশেষ ভিডিওচিত্র সেই সম্ভাবনার সুস্পষ্ট ইঙ্গিত দিচ্ছে।
