আনানের অবরোধ প্রত্যাহারের দাবী প্রত্যাখান করেছে ইসরায়েল
মধ্যপ্রাচ্য সফররত জাতিসংঘের মহাসচিব কফি আনানের লেবাননের আকাশ এবং সমুদ্রপথ থেকে অবরোধ তুলে নেওয়ার দাবী প্রত্যাখান করেছে ইসরায়েল।
ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট জানিয়েছেন, জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তির পূর্ণ বাস্তবায়ন হলেই কেবল লেবানন থেকে সব ধরনের অবরোধ তুলে নেবে তার দেশ।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী জাতিসংঘ দক্ষিণ লেবাননে ১৫ হাজার আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী এবং লেবানন সরকার ১৫ হাজার লেবাননি সৈন্য মোতায়েন করবে বলে জানা গেছে।
এছাড়া, হিজবুল্লাহ গেরিলাদের কাছে অস্ত্র সরবরাহে ওপর উপযুক্ত বিধিনিষেধ আরোপ করা হবে বলেও এই চুক্তিতে বলা হয়েছে।
ইহুদ ওলমার্ট, কফি আনান এবং ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী অবশ্য ইসরায়েল- লেবানন যুদ্ধবিরতি চুক্তি একটি টেকসই শান্তি প্রক্রিয়ার দিকে মধ্যপ্রাচ্যকে এগিয়ে নিয়ে যাবে বলে অভিমত প্রকাশ করেছেন।
তবে ইসরায়েল এবং লেবানন দুটি দেশই নিজ নিজ দাবীতে কোনো ধরনের ছাড় দিতে সম্মত হচ্ছেনা বলে শান্তি প্রক্রিয়া বিঘিœত হচ্ছে বলে মনে করছেন অনেকে।
কফি আনানের সাথে এক সাংবাদিক সম্মেলনে ওলমার্ট জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তিকে লেবাননের সাথে ইসরায়েলের কূটনৈতিক সুসম্পর্ক স্থাপনে ‘ভিত্তিপ্রস্তর’ হিসেবে চিহ্নিত করেছেন।
পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সাথে সাক্ষাত শেষে কফি আনান বলেন, যুদ্ধবিরতি চুক্তির বাস্তবায়ন লেবানন এবং ইসরায়েলের মধ্যে বিভিন্ন বিষয়ে মতৈক্যে পৌঁছাতে আমাদের সাহায্য করবে।
তবে লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা শান্তির সম্ভাবনা নাকচ করে দিয়ে বলেন, আরব বিশ্বের উদ্যোগে যথোচিত এবং সুষ্পষ্ট শান্তি প্রক্রিয়া শুরু না হওয়া পর্যন্ত আমরা কোনোধরনের সমঝোতার ওপর আস্থা রাখতে পারবোনা।
