২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বিক্ষোভরত জনতা বেলুচিস্তানে বোমা বিস্ফোরণ এবং বাড়ীঘরে অগ্নিসংযোগ করছে

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের স্বাধীনতা আন্দোলনের শীর্ষ নেতা নওয়াব আকবর বুগতি হত্যার প্রতিবাদে সেখানে বিক্ষোভকারী জনতা ঘরে বানানো বোমার বিস্ফোরণ ঘটিয়েছে এবং সরকারী ভবনসহ অনেক বাড়ীঘরে আগুন লাগিয়ে দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Aug 2006, 12:18 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

জাতীয়তাবাদী এই নেতার গায়েবানা জানাজা অনুষ্ঠিত হওযার পর বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় বেলুচ বিক্ষোভকারীরা বিক্ষোভ প্রদর্শন করেছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবর থেকে জানা গেছে।

উত্তেজিত জনতা স্থানীয় একটি ব্যাংক এবং একটি সরকারী বাসভবনে আগুন লাগিয়ে দেয়। বেলুচ এই নেতার জানাজা যেখানে অনুষ্ঠিত হচ্ছিল তার পার্শ্ববর্তী দোকানপাটে হাত বোমার বিস্ফোরণ ঘটায়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সেখানে টিয়ার গ্যাস এবং ফাঁকা গুলি ছোঁড়া হয় বলে জানিয়েছেন পুলিশ কর্মকর্তা আব্দুল খান।

বিক্ষুব্ধ জনতা কোয়েটা শহরের বহু দোকানপাট পুড়িয়ে দিয়েছে। বিভিন্ন রাস্তায় যান চলাচলে বাধা দিতে অবরোধ সৃষ্টি করেছে।

তার মৃত্যুতে বেলুচিস্তানে বিক্ষোভ প্রদর্শনের তৃতীয় দিনে এ পর্যন্ত ৫০০ জন বিক্ষোভকারীকে গ্রেফতার করছে পুলিশ। এছাড়া, বিক্ষোভ এবং হরতাল পালনকালে সেখানে দুজন নিহত হয়েছে।

এদিকে, জনপ্রিয় বেলুচ এই নেতার গায়েবানা জানাজায় হাজার হাজার জনতার সাথে অংশ নেন সাবেক মন্ত্রী এবং প্রাদেশিক গর্ভনররা।

খনিজ সম্পদে সমৃদ্ধ বেলুচিস্তানের স্বায়ত্বশাসন এবং প্রাকৃতিক গ্যাসক্ষেত্রগুলোর মালিকানার দাবীতে কয়েক শতক ধরে আকবর বুগতি কেন্দ্রীয় সরকারের বিরূদ্ধে স্বাধীনতা আন্দোলন চালিয়ে গেছেন।

বুগতির জানাজায় সমবেত হওয়া এক বেলুচবাসী দাদ মোহাম্মদ বলেন, ‘তার মতো একজন কিংবদন্তীর  মৃত্যু আমাদের মতো সাধারণ মানুষের জন্য অপূরণীয় ক্ষতি।’