২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বেলুচ নেতার মৃত্যুতে নিরাপত্তা জোরদার করেছে পাকিস্তান সরকার

আদিবাসী নেতা নওয়াব আকবর বুগতির অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান চলাকালে পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশে মঙ্গলবার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে পাকিস্তান সরকার।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2006, 01:38 PM

Updated : 26 Apr 2022, 03:53 PM

সেনাবাহিনীর সাথে সংঘর্ষে নিহত বেলুচিস্তানের এই উপজাতি নেতার অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে হাজার হাজার লোক সমবেত হয়।

প্রয়াত এই নেতার হাজার হাজার অনুসারী বেলুচিস্তানের রাজধানী কোয়েটায় তার বাসস্থানে সমবেত হয়। পরে স্থানীয় খেলার মাঠে তার জানাজা সম্পন্ন হয়।

বেলুচ এই নেতা গত শুক্রবার তার গোপন আস্তানার কাছে সেনা এবং নিরাপত্তা বাহিনীর সাথে তীব্র সংঘর্ষে নিহত হন।

বুগতিকে উদ্দেশ্য করে তার সেনাবাহিনী এই অভিযান চালায়নি বলে জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শওকত আজিজ। আদিবাসী গেরিলাদের আক্রমণ প্রতিহত করতে এই হামলা চালানো হয় বলে জানান তিনি।

বেলুচিস্তানের রাজনীতিকে কয়েক শতক ধরে বেশ শক্ত হাতে নিয়ন্ত্রণ করেছেন আশি বছর বয়সী বিতর্কিত, ক্ষমতাধর এই বেলুচ নেতা।

বেলুচিস্তানে সামন্ততান্ত্রিক বিচার ব্যবস্থা চালু রাখাসহ তার বিরূদ্ধে বহু পুলিশ এবং সেনা হত্যার অভিযোগ রয়েছে।

খনিজ সম্পদ সমৃদ্ধ বেলুচিস্তানের স্বায়ত্তশাসন এবং এর প্রাকৃতিক গ্যাসক্ষেত্রগুলো অধিকারের দাবীতে বেলুচবাসীরা পাকিস্তানের জন্মলগ্ন থেকে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন চালিয়ে আসছে।

পাকিস্তানের প্রেসিডেন্ট পারভেজ মোশাররফ বুগতির মৃত্যুর পর প্রথম মুখ খুলেছেন। তিনি বেলুচবাসীকে শান্ত থাকার অনুরোধ জানানোর পাশাপাশি সতর্ক করে দিয়েছেন এই বলে যে তার সরকার যে কোনো ধরনের বিদ্রোহ দমনে বদ্ধ পরিকর।

বেলুচবাসীদের সুযোগ-সুবিধা এবং উন্নয়নে যথোপযুক্ত পদক্ষেপ নেওয়া হবে বলেও তিনি জানিয়েছেন।

তবে বিশেষজ্ঞরা বুগতির মৃত্যুকে সরকারের একটি ‘অপরিণামদর্শী পদক্ষেপ’ হিসেবে দেখছেন। বুগতির মৃত্যুতে বেলুচিস্তানে বিদ্রোহ ছড়িয়ে পড়তে পাড়ে বলে তারা গভীর আশংকা প্রকাশ করেছেন।

এছাড়া, বুগতির মৃত্যুকে ভারত ‘দুঃখজনক মৃত্যু’ বলে মন্তব্য করায় পাকিস্তান-ভারত সম্পর্ক আবারো উত্তপ্ত হয়ে উঠতে পারে বলেও তারা মনে করছেন।

পাকিস্তান অবশ্য ভারতের এ ধরনের মন্তব্যকে সেদেশের আভ্যন্তরীণ বিষয়ে অযাচিত হস্তক্ষেপ বলে অভিহিত করেছে।