ইরানের পাঠানো পাল্টা প্রস্তাবে ঘাটতি আছে: যুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রের বুশ প্রশাসন জানিয়েছে পরমাণু ইস্যুতে মধ্যস্থতার লক্ষ্যে ইরান যে পাল্টা প্রস্তাবটি পাঠিয়েছে তা জাতিসংঘের শর্ত পূরণ করার জন্য যথাযথ নয়।
ইরানের এই প্রস্তাবে জাতিসংঘের পারমাণবিক কর্মসূচি বন্ধের আহ্বান নাকচ করে দিয়ে এই বিষয়ে ব্যাপক আলোচনায় বসতে দেশটি আগ্রহী বলে জানানো হয়েছে।
এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পরবর্তী পদক্ষেপ নিতে অপর পাঁচ পরাশক্তির সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
তবে ইরানের বিরুদ্ধে ঠিক কি ধরনের পদক্ষেপ নেওয়া হবে তা স্পষ্ট জানা যায়নি। ইরান যদি ইউরেনিয়াম সমৃদ্ধকরণ প্রকল্প স্থগিত করতে সম্মত না হয় তাহলে দেশটির ওপর জাতিসংঘ অবরোধ আরোপ করতে পারে বলে অনেকে মনে করছেন। ইরানের রাজনীতি, অর্থনীতি অথবা ব্যবসা- বাণিজ্যের ওপর নেমে আসতে পারে জাতিসংঘের কঠোর অবরোধ।
মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রণালয় বেশ জোরালোভাবে জানিয়েছে, ছয় পরাশক্তির প্যাকেজ প্রস্তাবে ইরান যদি পরমাণূ সমৃদ্ধকরণ প্রকল্প বন্ধ করে তাহলে দেশটিকে বেসামরিক পরমাণূ প্রযুিক্ত হস্তান্তরসহ পাশ্চাত্যের সাথে ব্যবসা- বাণিজ্যের সুযোগ- সুবিধা এবং অন্যান্য যেসব সুবিধা দেওয়া হবে বলে জানানো হয়েছিল, ইরান তা অগ্রাহ্য করেছে। ইরান তার পাল্টা প্রস্তাবে পরমাণূ কার্যক্রম বন্ধে অস্বীকৃতি জানিয়েছে যা নিরাপত্তা পরিষদের শর্তবিরোধী।
