লেবাননে সৈন্য পাঠানোর বিষয়ে মতৈক্যের চেষ্টা চালাচ্ছেন ইউ-র পররাষ্ট্রমন্ত্রীরা
দক্ষিণ লেবাননে জাতিসংঘের আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনীতে সৈন্য পাঠাতে মতৈক্যে পৌঁছাতে ইউরোপীয় ইউনিয়নের সদস্যদেশগুলো আলোচনায় বসতে যাচ্ছে।
ইউরোপীয় ইউনিয়নের ২৫ টি সদস্যদেশের পররাষ্ট্রমন্ত্রীরা শুক্রবার সৈন্য মোতায়েন সংক্রান্ত বিষয়ে এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন। এই বৈঠকে দক্ষিণ লেবাননে কোন কোন দেশ সৈন্য পাঠাবে সে সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া হবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
জাতিসংঘ আশা করছে লেবাননে যে ১৫ হাজার সৈন্য মোতায়েন করা হবে তাতে ৯ হাজার সৈন্য দেবে ইউরোপীয় ইউনিয়ন।
ফ্রান্স অবশ্য বহুজাতিক বাহিনীতে সৈন্য পাঠানোর বিষয়ে জাতিসংঘকে হতাশ করেছে। লেবানন-ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তির খসড়া প্রস্তুতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখলেও পরবর্তীতে লেবাননে শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্ব দেওয়ার বিষয়ে ফ্রান্স তার আপত্তি জানিয়েছে।
ফ্রান্স এ পর্যন্ত ২০০ সেনা পাঠিয়েছে এবং বলেছে যথার্থ সমর্থন পাওয়া গেলেই কেবল আরো সৈন্য পাঠানো হবে।
এই পরিস্থিতিতে, ইতালি লেবাননে শান্তিরক্ষী বাহিনীর নেতৃত্ব দেবে বলে মনে করা হচ্ছে। ইতালি ইতোমধ্যে আন্তর্জাতিক শান্তিরক্ষীবাহিনীতে ৩০০০ সৈন্য পাঠাবে বলে জানিয়েছে।
