সীমান্তে আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের বিরূদ্ধে সিরিয়ার অবস্থান
সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ সিরিয়া- লেবানন সীমান্তেআন্তর্জাতিক সৈন্য মোতায়েন করলে তা সিরিয়া এবং লেবাননের সার্বভৌমত্বের জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন।
দুবাই টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে প্রেসিডেন্ট বাশার আল আসাদ বলেন, লেবানন-সিরিয়া সীমান্তে বহুজাতিক বাহিনী মোতায়েন করা হলে তা হবে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন।
সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, সীমান্তে বহুজাতিক বাহিনী মোতায়েন করা হলে সিরিয়া তার সীমান্ত বন্ধ করে দেবে।
লেবাননে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী মোতায়েনে ইসরায়েলি তৎপরতার মুখে সিরিয়ার পররাষ্ট্রমন্ত্রী এ কথা জানালেন।
অন্যদিকে ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনি জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তি বাস্তবায়নের সময় দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন।
সিরিয়া লেবানন-সিরিয়া সীমান্ত থেকে হিজবুল্লাহ গেরিলাদের অস্ত্র এবং রকেট সরবরাহ করে এই অভিযোগে ইসরায়েল এই সীমান্তে সৈন্য মোতায়েনে আগ্রহী বলে জানানো হয়েছে বিভিন্ন বার্তা সংস্থার খবরে।
দক্ষিণ লেবাননে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনীর সৈন্যরা অবস্থান না নেওয়া পর্যন্ত ইসরায়েল আকাশ এবং নৌ পথের অবরোধ তুলে নেবে না বলে জানিয়েছে।
ইসরায়েলের এই সিদ্ধান্তের সমালোচনা করে প্রেসিডেন্ট আসাদ বলেন, ‘সিরিয়া এবং লেবাননের সাথে বিরোধ আরো বাড়াতে ইসরায়েল এ ধরনের পদক্ষেপ নিচ্ছে।’
তিনি আরো বলেন, ‘আন্তর্জাতিক বাহিনী মোতায়েন করলে তা হবে লেবাননের স্বাধীনতার ওপর হস্তক্ষেপের সামিল। পৃথিবীর কোনো দেশই অন্য কোনো দেশের সাথে যুদ্ধে অবতীর্ণ হওয়া ছাড়া সীমান্তে বহুজাতিক বাহিনীর অবস্থান বরদাস্ত করবেনা।’
এছাড়া, সীমান্তে সৈন্য মোতায়েন লেবানন এবং সিরিয়ার মধ্যে কূটনৈতিক সম্পর্ককে তিক্ত করে তুলতে পারে বলে তিনি আশংকা প্রকাশ করেন।
