মিশরে বিপরীতমুখী দুটো ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৫ আহত ১০০
মিশরের উত্তরাঞ্চলে দুটি যাত্রীবাহী ট্রেনের মুখোমুখি সংঘর্ষে ১৫ জন নিহত এবং ১০০-রও অধিক আহত হয়েছে।
মিশরের রাজধানী কায়রোর ২০ কিমি উত্তরে কালিয়ুব শহরে মানসুরা থেকে কায়রোগামী একটি ট্রেনের সাথে বেনহা থেকে আসা একটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ ঘটলে হতাহতের এই ঘটনা ঘটে।
দুর্ঘটনায় রেলগাড়ীর চারটি বগী লাইনচ্যুত হয়ে পড়ে। খবর বিভিন্ন বার্তা সংস্থার।
মিশরে এ বছরে এই নিয়ে তৃতীয়বারের মতো রেল দুর্ঘটনার ঘটনা ঘটলো।
গত মে মাসে একটি যাত্রীবাহী রেলগাড়ীর সাথে একটি মালবাহী রেলের সংঘর্ষে ৪৫ জন আহত হয়েছিল।
তবে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার ঘটনাটি ঘটে ২০০২ সালে । এই দুর্ঘটনায় ৩০০ জন নিহত হয়েছিল।
