যুদ্ধবিরতি চুক্তি অকার্যকর হয়ে পড়াতে শঙ্কিত জাতিসংঘের প্রতিনিধি
জাতিসংঘের প্রতিনিধিরা সোমবার জেরুজালেমে ইসরায়েলি কর্মকর্তাদের সাথে ইসরায়েল- লেবাননের মধ্যে ভেঙে পড়া যুদ্ধবিরতি চুক্তির কার্যকারিতা নিয়ে আলোচনায় বসতে যাচ্ছেন।
জাতিসংঘের প্রতিনিধি টারজে রোড লারসেন এবং বিজয় নামবিয়ার লেবানন সফর শেষে জেরুজালেম সফর করছেন।
লেবানন সফরকালে প্রতিনিধিরা দেশটির শীর্ষস্থানীয় নেতাদের কাছে জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে ইসরায়েল এবং লেবানন উভয় দেশকেই সংযত আচরণ করার অনুরোধ জানিয়েছেন।
প্রতিনিধিরা যুদ্ধবিরতি চুক্তির ভঙ্গুরতা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করে বলেন, চুক্তির শর্তভঙ্গ এ দুটি দেশকে আবারো রক্তপাত এবং ভয়াবহ সহিংসতার দিকে নিয়ে যেতে পারে।
যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী জাতিসংঘ দক্ষিণ লেবাননে ১৫ হাজার আন্তর্জাতিক শান্তিরক্ষী মোতায়েনে চেষ্টা চালিয়ে যাচ্ছে। লেবানন সরকারও দেশটির দক্ষিণে তাদের ১৫ হাজার সৈন্য মোতায়েন করেছে।
এছাড়া, জাতসংঘের নিরাপত্তা পরিষদের ১৭০১ নং ধারা অনুযায়ী লেবাননে ২০০০ মার্কিন সৈন্য অবস্থান করছে। এছাড়া, আরো ৩৫০০ সৈন্য ২রা সেপ্টেম্বরের মধ্যে লেবাননে পৌঁছাবে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।
তবে লেবাননে সৈন্য পাঠানোর বিষয়ে কয়েকটি দেশ আপত্তি জানিয়ে বলেছে জাতিসংঘের আন্তর্জাতিক বাহিনীতে শান্তি কর্মী নিয়োগের ক্ষেত্রে যে নীতিমালা রয়েছে তা বৈষম্যমূলক।
এ বিষয়ে বিজয় নামবিয়ার বলেন, ‘আমরা শীঘ্রই এই নীতিমালা সংশোধনে ব্যবস্থা নিতে যাচ্ছি।’
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী ইহুদ ওলমার্ট বহুজাতিক বাহিনীর নেতৃত্ব দেওয়ার জন্য ইতালীর প্রতি আহ্বান জানিয়েছেন।
