লেবাননে ইসরায়েলের কমান্ডো অভিযানে কফি আনানের গভীর উদ্বেগ
জাতিসংঘের মহাসচিব কফি আনান লেবাননে ইসরায়েলের কমান্ডো অভিযানে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শনিবার লেবাননে ইসরায়েল আবারো কমান্ডো অভিযান চালালে কফি আনানের একজন মুখপাত্র জাতিসংঘের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে জানান, এ ধরনের আক্রমণ জাতিসংঘের যুদ্ধবিরতি চুক্তির স্পষ্ট লংঘন।
এদিকে লেবানন সরকার জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী দক্ষিণ লেবাননে সৈন্য মোতায়েনের যে প্রক্রিয়া শুরু হয়েছিল এই হামলার কারণে তা থেমে যেতে পারে।
ইসরায়েল অবশ্য বলছে হিজবুল্লাহ গেরিলাদের কাছে ইরান এবং সিরিয়ার অস্ত্র সরবরাহ ঠেকাতেই এ অভিযান চালানো হয়েছে। এই দুটি দেশ থেকে আসা অস্ত্রের চালান হিজবুল্লাহ গেরিলাদের কাছে হস্তান্তর করা হতে যাচ্ছে এরকম খবরের ভিত্তিতে ইসরায়েল পূর্ব বেক্কা উপত্যকায় আক্রমণ চালিয়েছে বলে ইসরায়েল দাবি করেছে। খবর একাধিক বার্তাসংস্থার।
ইসরায়েলের সীমান্ত থেকে ১০০ কিমি উত্তরে বালবেক শহরের পশ্চিমে বোদায়ি নামক গ্রামে ইসরায়েল এই হামলা চালায়।
গত সোমবার থেকে কার্যকর হওয়া ইসরায়েল- লেবানন যুদ্ধবিরতি চুক্তির ষষ্ঠ দিনে ইসরায়েল লেবাননে এই আক্রমণ চালালো।
কফি আনান বলেছেন ইসরায়েলের এই হামলা লেবাননসহ মধ্যপ্রাচ্য শান্তি প্রক্রিয়ার জন্য স্পষ্ট হুমকি । তিনি আরো বলেন, ইসরায়েল-লেবানন অস্ত্র বিরতি চুক্তির প্রতি দুটি দেশেরই পূর্ণ শ্রদ্ধাবোধ থাকা দরকার।
লেবাননের প্রধানমন্ত্রী ফুয়াদ সিনিওরা ইসরায়েলের এ ধরনের আক্রমণকে যুদ্ধবিরতি চুক্তির ‘নির্লজ্জ লংঘন’ বলে মন্তব্য করেছেন।
জাতিসংঘ যদি লেবাননের বেক্কা উপত্যকায় ইসরায়েলি হামলার কারন দর্শাতে এবং ইসরায়েলের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নিতে ব্যর্থ হয় তাহলে দক্ষিণ লেবানন থেকে সেদেশের সেনাবাহিনীকে সরিয়ে নেওয়া হবে জানিয়েছেন লেবাননের প্রতিরক্ষামন্ত্রী ইলিয়াস মার।
এদিকে, রোববার মিশরের রাজধানী কায়রোতে লেবানন ইস্যুতে আরব দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা এক বৈঠকে মিলিত হতে যাচ্ছেন বলে জানিয়েছে দুবাই ভিত্তিক টিভি চ্যানেল আল-আরাবিয়া ।
