লেবাননের জন্যে আরো ইউরোপীয় শান্তিরক্ষী চেয়েছে জাতিসংঘ
লেবাননে শান্তিরক্ষাকারি বাহিনীতে আরো বেশী সৈন্য পাঠানোর জন্যে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহবান জানিয়েছে জাতিসংঘ।
জাতিসংঘের উপ-মহাসচিব মার্ক ম্যালোক ব্রাউন এশীয় দেশগুলোকে তাদের দৃঢ় ভূমিকার জন্যে ধন্যবাদ জানিয়ে বলেন, শান্তিরক্ষাকারি বাহিনীটিকে সত্যিকার অর্থে বহুপাক্ষিক হতে হবে। খবর বার্তাসংস্থার।
মালয়েশিয়া ও ইন্দোনেশিয়ার মতো ইসরায়েলের অস্তিত্ব অস্বীকারকারী দেশগুলোর অংশগ্রহণ অগ্রহণযোগ্য হতে পারে বলে ইসরায়েল মন্তব্য করার পর জাতিসংঘ এ আহ্বান জানালো।
যুদ্ধকবলিত দক্ষিণ লেবাননে আইনশৃংখলা রক্ষার জন্যে ১৫ হাজার সদস্যের একটি শক্তিশালী জাতিসংঘ বাহিনী মোতায়েনের পরিকল্পনা করা হচ্ছে।
ইসরায়েল ও হিজবুল্লার মধ্যে মাসব্যাপী যুদ্ধের পর জাতিসংঘের যুদ্ধবিরতি প্রস্তাব অনুযায়ী মোতায়েনকৃত জাতিসংঘ শান্তিরক্ষীরা প্রায় ১৫ হাজার লেবাননি সৈন্যের পাশাপাশি ওই এলাকার শান্তিরক্ষায় কাজ করবে।
সংশ্লিষ্ট পক্ষগুলো অনুমোদন করলে ফ্রান্স এ বাহিনীর নেতৃত্ব দিতে সম্মত হয়েছে। কিন্তু তাৎক্ষণিকভাবে তারা মাত্র ২০০ সৈন্য প্রদানের অঙ্গীকার করেছে, যা ধারণার চেয়ে অনেক কম।
এ বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ শুক্রবার বলেন, ফ্রান্স থেকে ভিন্ন ধরনের ইঙ্গিত আসছে।
তিনি বলেন, তারা আরো সৈন্য পাঠাবে বলে আমরা আশাবাদী।
মার্ক ম্যালোক ব্রাউন বলেন, সৈন্য পাঠানোর বিষয়ে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, বাংলাদেশ ও নেপালসহ অন্যদের অঙ্গীকার নিশ্চিতভাবেই সহায়ক হবে।
অবশ্য তিনি বলেন, ওই বাহিনী বহুপাক্ষিক হওয়া উচিত। কারণ তাদের উভয় পক্ষেরই আস্থা অর্জন করতে হবে।
