২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চীনে ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা

পশ্চিম চীনের বেশকিছু এলাকায় ভয়াবহ খরা দেখা দিয়েছে।

আন্তর্জাতিক ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Aug 2006, 02:21 PM

Updated : 26 Apr 2022, 03:52 PM

চীনের পশ্চিমাঞ্চলীয় এসব এলাকায় গত ৫০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ খরা দেখা দিয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থার খবরে বলা হয়েছে।

প্রচন্ড খরার কারণে এসব এলাকার ১ কোটি ৪০ লাখ লোক মারাত্মক পানি সংকটে দিন কাটাচ্ছে।

প্রতিদিন প্রচন্ড গরমে হিটস্ট্রোকে আক্রান্ত হাজার হাজার লোককে হাসপাতালে ভর্তি করা হচ্ছে। হিটস্ট্রোকে এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

অনাবৃষ্টির কারনে এসব এলাকার ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাওয়াতে কিছূ কিছূ শস্য এবং সবজির দাম বেড়ে গেছে। এখানে ১৩ লাখ হেক্টর জমির শস্য বিনষ্ট হয়েছে।

পশ্চিম চীনের এসব এলাকায় তাপমাত্রা প্রতিদিন ৩৫ ডিগ্রী সেলসিয়াসের উপরে থাকছে।

খরায় সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্ত এলাকা হচ্ছে চীনের চংকিং শহর। এখানে একটানা ৭০ দিন ধরে বৃষ্টির দেখা নেই। বৃষ্টি না হওয়ার কারণে শহরের দুই-তৃতীয়াংশ নদী শুকিয়ে গিয়েছে বলে জানা যায়।

চংকিং শহরের জিওয়াং অঞ্চলের সমস্ত কুয়ার পানির স্তর নিচে নেমে গিয়েছে।

প্রচন্ড গরমে চংকিং শহরের একটি ফার্মের দশহাজার মুরগীর বাচ্চা মারা গেছে।

পশ্চিম এবং দক্ষিণ-পশ্চিম চীনের খরাপীড়িত এসব এলাকায় খাবার পানির প্রচন্ড সংকট চলছে।

প্রচন্ড পানি সংকটের কারণে এসব এলাকার পশু-পাখি মারা যাচ্ছে।